Anis Khan Death Case: রায় পুনর্বিবেচনার আর্জি, ফের হাইকোর্টের দুয়ারে আনিসের পরিবার

Calcutta High Court: ফের হাইকোর্টের দ্বারস্থ মৃত ছাত্র নেতার পরিবার। হাইকোর্টের রায় পুনর্বিবেচনার আর্জি নিয়ে বৃহস্পতিবার একক বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছেন আনিসের পরিবার। আগামী ১ ডিসেম্বর বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

Anis Khan Death Case: রায় পুনর্বিবেচনার আর্জি, ফের হাইকোর্টের দুয়ারে আনিসের পরিবার
হাইকোর্টের দ্বারস্থ আনিসের পরিবারImage Credit source: TV9 Bangla

| Edited By: Soumya Saha

Nov 24, 2023 | 12:00 AM

কলকাতা: ছাত্র নেতা আনিস খানের রহস্য মৃত্যুতে অনেক আগে থেকেই সিবিআই তদন্তের দাবি তুলে আসছিল তাঁর পরিবার। সেই নিয়ে মামলা কলকাতা হাইকোর্টেও গিয়েছিল। তবে হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার একক বেঞ্চ সিবিআই তদন্তের আর্জি খারিজ করে দিয়েছিল। রাজ্যের তদন্তকারী সংস্থার উপরেই আস্থা রেখেছিল আদালত। এমন অবস্থায় ফের হাইকোর্টের দ্বারস্থ মৃত ছাত্র নেতার পরিবার। হাইকোর্টের রায় পুনর্বিবেচনার আর্জি নিয়ে বৃহস্পতিবার একক বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছেন আনিসের পরিবার। আগামী ১ ডিসেম্বর বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, বাড়িতে পুলিশ যাওয়ার পর, ছাদ থেকে পড়ে হাওড়ার আমতার ছাত্রনেতা আনিস খানের মৃত্যু হয়েছিল। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের ঘটনা। সেই ঘটনার পর কেটে গিয়েছে দেড় বছরেরও বেশি সময়। কীভাবে আনিসের মৃত্যু হল, কীভাবে তিনি ছাদ থেকে পড়ে গেলেন, সেই নিয়ে ধোঁয়াশা এখনও পুরোপুরি কাটেনি। পরিবারের তরফে শুরু থেকেই দাবি জানানো হয়েছিল, সিবিআই তদন্ত হোক। কিন্তু বর্তমানে আনিস খানের মৃত্যুর ঘটনায় তদন্ত চালাচ্ছে রাজ্যের সিআইডি। আনিস খান মৃত্যুর তদন্তে ইতিমধ্যে চার্জশিটও ফাইল করে ফেলেছে সিআইডি।

এদিকে পরিবারের অভিযোগ, সিআইডির তদন্তে ত্রুটি রয়েছে। এই মর্মে প্রথমে নিম্ন আদালতে পিটিশন ফাইল করে আনিস খানের পরিবার। কিন্তু নিম্ন আদালতে সেই আবেদন খারিজ হয়ে গিয়েছে। এবার তাই হাইকোর্টের আগের রায় পুনর্বিবেচনার আর্জি নিয়ে ফের বিচারপতি রাজাশেখর মান্থার দ্বারস্থ মৃত ছাত্রনেতার পরিবার। আগামী ১ ডিসেম্বর এই পুনর্বিবেচনার আর্জি সংক্রান্ত মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে।

Follow Us