
কলকাতা: রাজ্যে চালু হয়ে গিয়েছে অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana)। বিজেপি ক্ষমতায় আসতেই, সরকার গড়ার পর প্রথমেই এই আর্থিক প্রকল্পের ঘোষণা করা হয়েছে। মাসে মাসে মহিলারা তিন হাজার টাকা করে পাবেন ব্যাঙ্কে ডিরেক্ট বেনেফিট ট্রান্সফারের(DBT) মাধ্যমে। ইতিমধ্যেই অনলাইন ও অফলাইনে ফর্ম বিলি শুরু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানিয়েছিলেন, জুন মাস থেকেই অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া যাবে। কিন্তু এখনও তো অনেকে ফর্ম হাতেই পাননি, তাদের কী হবে? জুন মাসে কারা টাকা পাবেন নতুন আর্থিক প্রকল্পে?
রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, অন্নপূর্ণা যোজনায় মাসে তিন হাজার টাকা পাওয়ার জন্য সকলকে এই ফর্ম পূরণ করতে হবে। যারা আগে লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, তাদেরও এই ফর্ম পূরণ করতে হবে। অনলাইনে যেমন ডাউনলোড করা যাচ্ছে অন্নপূর্ণা যোজনার ফর্ম, তেমনই অফলাইনে বিডিও অফিস, ডিএম অফিস, পুরসভা, ওয়ার্ড অফিস থেকে অন্নপূর্ণা যোজনার ফর্ম দেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
এবার প্রশ্ন হল, জুন মাস তো প্রায় পড়েই গেল। হাতে মাত্র দুটো দিন। এখনও যারা অন্নপূর্ণা যোজনার ১২ পাতার ফর্ম পূরণ করে জমা দিতে পারেননি, তারা কি তিন হাজার টাকা পাবেন জুন মাস থেকে?
উত্তরটা হল, না। যারা আগামী ২ জুনের মধ্যে ফর্ম পূরণ করে জমা দেবেন, একমাত্র তারাই ওই মাসে অর্থাৎ জুন মাসে অন্নপূর্ণা যোজনার তিন হাজার টাকা পাবেন। ৩ জুন থেকেই অন্নপূর্ণা যোজনায় ডিবিটি ট্রান্সফার অর্থাৎ সরাসরি ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করা হবে। এরপরে ফর্ম জমা দিলে, জুন মাসের কিস্তি দেওয়া সম্ভব হবে না, কারণ তথ্য যাচাইয়েও সময় লাগবে।
তবে চিন্তার কারণ নেই। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, যারা আগে লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, তারা জুন মাসে ১৫০০ টাকা পাবেন। আবেদনপত্র যাচাই করার পরই বিচার করা হবে কারা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন।