
কলকাতা: ২২ জুলাই, ২০২২। ফেসবুকে ওইদিন শেষ পোস্টটি করেছিলেন তিনি। আর ঠিক ওই দিনই অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) বাড়ি থেকে বেরিয়েছিল টাকার স্তূপ, যাকে ‘পাহাড়’ বললেও বেশি বলা হবে না। তারপরের ঘটনাক্রম সবারই জানা। টেলিভিশনের স্বল্প পরিচিত মুখ অর্পিতা মুখোপাধ্যায় রাতারাতি জায়গা করে নিলেন হেডলাইনে। উঠে এলে নানারকম ‘মুখরোচক’ গল্প। চার বছরে বদলেছে সব। বদলে গিয়েছে রাজ্যের সরকার। পালাবদলের পর সোশ্যাল মিডিয়ায় ফিরলেন সেই অর্পিতা।
২০২২-এর ২৩ জুলাই টালিগঞ্জের আবাসন থেকে গ্রেফতার করা হয় অর্পিতাকে। তারপর আজ ১০ জুন প্রথমবার ফেসবুকে পোস্ট করলেন তিনি। বললেন ‘অন্ধকার সময়ে’র কথা, বললেন নতুন জীবনে এগিয়ে যাওয়ার কথা।
অর্পিতা, তাঁর পোস্টে মায়ের মৃত্যুর কথা উল্লেখ করেছেন। যাঁরা দুঃসময়ে তাঁর পাশে ছিলেন, তাঁদের ধন্যবাদ জানাতে গিয়ে অর্পিতা লিখেছেন, “যাঁরা হেডলাইনের বাইরে গিয়ে আমার সত্যিটা জেনে পাশে দাঁড়িয়েছেন, তাঁদের ধন্যবাদ।”
শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে নগদ প্রায় ৫২ কোটি টাকা উদ্ধার হয়েছিল। প্রকাশ্যে আসে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার কথা। ইডি-র হাতে ধরার পড়ার পর আলিপুর জেলে দীর্ঘ সময় কাটাতে হয় অর্পিতাকে। আড়াই বছর পর জামিন পান তিনি।
তবে অতীত ভুলে নয়, অতীতকে পিছনে ফেলে এগিয়ে যাওয়াতেই বিশ্বাস রাখছেন অর্পিতা। আপাতত ব্যক্তিগত জীবনেও মন দিয়েছেন তিনি। অর্পিতার কথায়, ‘জীবন অনেক সময় পরীক্ষা নেয়, আবার জীবন আমাদের এগিয়ে যেতেও বলে।’ অতীত থেকে নেওয়া শিক্ষা আর আগামিদিনে বিশ্বাসে ভর করেই এগিয়ে যেতে চান তিনি। আগামিদিনে জীবনের নতুন অধ্যায়ে সোশ্যাল মিডিয়ায় আরও একাধিক পোস্ট সামনে আনবেন বলে জানিয়েছেন অর্পিতা।