Baruipur news: ‘বামপন্থীরা উল্টোদিকে দৌড়বে না তো…’, বারুইপুর কাণ্ডে হঠাৎ কেন এ প্রশ্ন উঠল?

Baruipur News: মঙ্গলবার নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে দেখা করে বেরিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, 'জিরো টলারেন্স।' আর তার কয়েক ঘণ্টার মধ্যে, মঙ্গলবার মধ্যরাতে এনকাউন্টারে খতম এক অভিযুক্ত। বাংলার বুকে এনকাউন্টার। সাধুবার বারুইপুরে, বাংলা জুড়ে চর্চা, শুরু রাজনৈতিক তরজাও।

Baruipur news: বামপন্থীরা উল্টোদিকে দৌড়বে না তো..., বারুইপুর কাণ্ডে হঠাৎ কেন এ প্রশ্ন উঠল?
এনকাউন্টারের স্পটImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 08, 2026 | 5:10 PM

কলকাতা: প্রথম থেকেই বারুইপুর কাণ্ডে পুলিশের বিরুদ্ধে কিছুটা হলেও নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছিল পরিবার। অভিযোগ, পুলিশ সঠিক সময়ে এফআইআর নেয়নি।  কিশোরী নিখোঁজ হওয়ার ডায়েরি করার পরেও সক্রিয় হয়নি। এই অভিযোগেই রবিবার কিশোরীর দেহ উদ্ধারের পরে উত্তপ্ত হয়েছিল বারুইপুর। মঙ্গলবার নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে দেখা করে বেরিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, ‘জিরো টলারেন্স।’ আর তার কয়েক ঘণ্টার মধ্যে, মঙ্গলবার মধ্যরাতে এনকাউন্টারে খতম এক অভিযুক্ত। বাংলার বুকে এনকাউন্টার। সাধুবার বারুইপুরে, বাংলা জুড়ে চর্চা, শুরু রাজনৈতিক তরজাও।

বিজেপি বিধায়ক সজল ঘোষ বলেন, ” আইনের শাসন প্রতিষ্ঠা বুঝি না। আমি যেটা বুঝি এই অপরাধীদের নিকেশ হোক। আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে, আবার এগুলোর বিরোধিতা করতে হয়। আমি এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। যে যেমন করবে, এই ধরনের অপরাধ করবে, তাদের যেন এই শাস্তি হয়। তবে এই ঘটনায় আবার যেন বামপন্থীরা উল্টোদিকে দৌড়বে না তো, যে আইন নিজের হাতে তুলে নিল সরকার।”

তবে বামেদের তরফে সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করতে দেখা গিয়েছে সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে।

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও সমালোচনা করেছেন। তাঁর কথায়, “বাংলায় এনকাউন্টার কালচার শুরু হল। বাংলার মানুষকে সতর্ক করতে চাই। আপনারা যে দানবকে ডেকে এনেছেন, আজ প্রথম তার পরিচয় পাচ্ছেন। বাংলায় UP 2.0 চালু হল। ঠোক দো সরকার। প্রভাস মন্ডল নিশ্চয়ই কিছু জানতেন। সে কারণেই কি তাকে মারা হল? বিজেপি বলছে, এটা দৈব বিচার। মুখ্যমন্ত্রী নিজে বলেছেন, সকালে জমা, বিকেলে খরচ। তাই হল।”

Follow Us