
বারুইপুর: নাবালিকাকে নির্যাতন করে খুনের অভিযোগে উত্তাল বারুইপুর। রবিবার দুপুরে পুকুর থেকে নাবালিকার দেহ উদ্ধার হওয়ার পর উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর এলাকা। স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। নাবালিকার মৃতদেহ আটকে চলে বিক্ষোভ। কোনও ক্রমে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। আজ, সোমবার ধৃতদের আদালতে পেশ করা হয়। তাঁদের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
রবিবার দুপুরে পুকুর থেকে উদ্ধার হয় নাবালিকার দেহ। দেহ ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন সাধারণ মানুষ। দেহ আটকে বিক্ষোভ দেখানো হয়। এই পরিস্থিতিতে পুলিশের উপস্থিতিতে ফোন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দুর আশ্বাসেই উঠে যায় বিক্ষোভ।
রাতেই নাবালিকার ময়নাতদন্তের ব্যবস্থা করে পুলিশ। মৃত্যুর আসল কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করে পুলিশ।
রবিবার রাতেই দু’জনকে গ্রেফতার করা হয়। সোমবার সকালে গ্রেফতার করা হয় আরও একজনকে।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘বারুইপুরের ঘটনায় ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হবে। মৃতার পরিবার যা যা চেয়েছে, তাই করা হবে।’ একইসঙ্গে তিনি বার্তা দেন, যাঁরা বিক্ষোভের নামে ভাঙচুর করেছে, তাঁদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার সিপিএম, তৃণমূলের মতো বিরোধী দলের প্রতিনিধিদের এলাকায় পৌঁছতে দেখা যায়। শুভেন্দু অধিকারী বার্তা দেন, কারও যাওয়ার ক্ষেত্রে কোনও বাধা দেওয়া হবে না।
সোমবার দুপুরে ধৃতদের আদালতে তোলা হয়। তাঁদের ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।