
কলকাতা: নিউটাউনের ইকোপার্কের জলাশয়ে হঠাৎ করেই দেখা দিল ব্যাপক মাছের মড়ক। শুক্রবার সকালে ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে দর্শনার্থী ও প্রাতঃভ্রমণকারীরা দেখেন, জলাশয়ের যত্রতত্র ভেসে রয়েছে অগণিত মরা মাছ। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পরিবেশবিদ ও স্থানীয় সূত্রে খবর, জলাশয়ে অক্সিজেনের আশঙ্কাজনক ঘাটতি এবং ক্রমবর্ধমান দূষণই এই বিপর্যয়ের মূল কারণ। জলে আবর্জনা জমার পাশাপাশি অতিরিক্ত শৈবাল জন্মানোর ফলে পুরো জল সবুজ আকার ধারণ করেছে। দিনের বেলা এসব শৈবাল সালোকসংশ্লেষ করলেও, রাতে জল থেকে বিপুল পরিমাণ অক্সিজেন শোষণ করে নেয়। ফলে রাতের বেলায় জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ মারাত্মকভাবে কমে যায় এবং দমবন্ধ হয়ে প্রচুর মাছের মৃত্যু হয়।
এছাড়া, জলাশয়ে পর্যটকদের নৌকা বিহারের জন্য একাধিক মোটরচালিত বোট ব্যবহার করা হয়। সেই সমস্ত বোট থেকে নির্গত তেল ও বর্জ্য পদার্থের ফলেও জল অতিরিক্ত মাত্রায় দূষিত হচ্ছে বলে মনে করা হচ্ছে। জলাশয়টি দ্রুত পরিষ্কার করা এবং দূষণ নিয়ন্ত্রণের উপযুক্ত ব্যবস্থা না নিলে এই সংকট আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন পরিবেশপ্রেমীরা।