Tala Prattoy: বেআইনি অনুপ্রবেশ থেকে সংঘবদ্ধ অপরাধ! টালা প্রত্যয়ের কর্তার বিরুদ্ধে একাধিক ধারায় বড় অভিযোগ

Durga Puja Kolkata: অভিযোগে দাবি করা হয়েছে, ২০১৮ সাল থেকে টালা পার্ক প্রত্যয় প্রায় ২ বিঘা জমি, যা টালার জিমখানা মাঠের অংশ ও কলকাতা পুরসভার সম্পত্তি, তা দখল করে রাখা হয়েছে। এই জমির প্রায় ২০০ ফুট সীমানা পাঁচিল ভেঙে ফেলা হয়েppছে।

Tala Prattoy: বেআইনি অনুপ্রবেশ থেকে সংঘবদ্ধ অপরাধ! টালা প্রত্যয়ের কর্তার বিরুদ্ধে একাধিক ধারায় বড় অভিযোগ
টালা প্রত্যয়ের পুজোর অন্যতম উদ্যোক্তা শুভImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 02, 2026 | 4:34 PM

কলকাতা: দুর্গা পুজোর আর মাত্র মাস তিনেক বাকি। কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো ‘টালা প্রত্যয়’-এর মণ্ডপ তৈরির কাজ প্রত্যেকবার শুরু হয়ে যায় অনেক আগে থেকেই। এবার তাদের থিম ‘বাতাস’। সেই পুজো ঘিরেই এবার একগুচ্ছ অভিযোগ সামনে এসেছে। বেআইনিভাবে জায়গা দখল করে বছরের পর বছর পুজো হচ্ছে বলে আগেই অভিযোগ তুলেছিলেন বিজেপি বিধায়ক রীতেশ তিওয়ারি। আর এবার সেই পুজোর অন্যতম কর্ণধার ধ্রুবজ্যোতি বসু ওরফে শুভর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন কাশীপুর-বেলগাছিয়ার বিধায়ক।

উদ্যোক্তা ধ্রুবজ্যোতি বসু ওরফে শুভ ও টালা প্রত্যয় দুর্গাপূজা কমিটির সঙ্গে যুক্ত বেশ কয়েকজনের বিরুদ্ধে একটি সরকারি খেলার মাঠ বেআইনিভাবে ব্যবহার ও দখল করার অভিযোগ উঠেছে।

অভিযোগে দাবি করা হয়েছে, ২০১৮ সাল থেকে টালা পার্ক প্রত্যয় প্রায় ২ বিঘা জমি, যা টালার জিমখানা মাঠের অংশ ও কলকাতা পুরসভার সম্পত্তি, তা দখল করে রাখা হয়েছে। এই জমির প্রায় ২০০ ফুট সীমানা পাঁচিল ভেঙে ফেলা হয়েছে, প্রায় ৮০ ফুট লোহার গেট ও গ্রিল, যা কলকাতা পুরসভার সম্পত্তি, তা ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ।

অভিযোগ, শুধু জমি দখলই নয়, ‘ টালা পার্ক অ্যাসোসিয়েশন’-এর নামে সিইএসসি (CESC)-এর বিদ্যুৎ সংযোগও নেওয়া হয়েছে। এই জমিটি আগে কলকাতা পুরসভা একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে বরাদ্দ দিয়েছিল বলে অভিযোগ।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সারা বছর মাঠের বিভিন্ন অংশে নির্মাণ কাজ চলে। তাই বিভিন্ন সামগ্রী রেখে দেওয়া ও কাজকর্ম চলে। তার ফলে মাঠ সাধারণ মানুষ ব্যবহার করতে পারে না। অভিযোগ, মাঠের নিয়ন্ত্রণকারী ব্যক্তিদের আচরণের কারণে অনেক সাধারণ মানুষ মাঠ ব্যবহার করতে ভয় বা অস্বস্তি বোধ করেন।

ভারতীয় ন্যায় সংহিতার ৩২৯ ধারা অর্থাৎ বেআইনি অনুপ্রবেশ, ২৭০ ধারা অর্থাৎ জনসাধারণের উপদ্রব, ৩২৪ ধারা অর্থাৎ সম্পত্তির ক্ষতি বা অপব্যবহার, ১১১ ধারা অর্থাৎ সংঘবদ্ধ অপরাধের অভিযোগ দায়ের হয়েছে। এই বিষয়ে টালা প্রত্যয় কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Follow Us