
নিউটাউন: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরি ঘিরে নিউটাউনে বিজেপির তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব। রণক্ষেত্রে পরিণত হল নিউটাউনের লস্করআটি এলাকা। এক প্রাক্তন বিএসএফ কর্মীর থেকে তোলা চাওয়া কেন্দ্র করে ঘটনাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত বলে জানা গিয়েছে।
রাস্তার জমি জবরদখল করে দলীয় কার্যালয় নির্মাণ করা হচ্ছিল। আর সেটা কেন্দ্র করেই রণক্ষেত্রের চেহারা নিল নিউটাউনের লস্করআটি এলাকা। এই ঘটনাকে কেন্দ্র করে প্রকাশ্যে এসেছে বিজেপির তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব।
অভিযোগ, পবিত্র বিশ্বাস নামে এক ব্যক্তি নিজেকে বিজেপি কর্মী পরিচয় দিয়ে স্থানীয় এক প্রাক্তন বিএসএফ জওয়ানের কাছে টাকা দাবি করেন। সেই টাকা দিতে অস্বীকার করায় ওই প্রাক্তন বিএসএফ কর্মীর বাড়ির বিপরীতে রাস্তার জমি দখল করে জোরপূর্বক বিজেপির পার্টি অফিস গড়ে তোলার চেষ্টা করা হয়। সাধারণ মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে বেআইনি নির্মাণের প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। বিষয়টি জানিয়ে টেকনো সিটি থানায় অভিযোগ জানানো হয়।
পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন এই পার্টি অফিস নির্মাণকে কেন্দ্র করে বিজেপির অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে আসে। দলের একাংশ এই রাস্তা দখলের পক্ষে দাঁড়ালেও, বিজেপিরই অন্য একটি গোষ্ঠী এর তীব্র বিরোধিতা করে। এর জেরে আজ দুই পক্ষের মধ্যে তুমুল বচসা শুরু হয়, যা হাতাহাতি ও ধস্তাধস্তিতে রূপ নেয়। রাস্তার ওপর প্রকাশ্যেই মারামারিতে জড়িয়ে পড়ে দুই গোষ্ঠী। ঘটনাকে কেন্দ্র করে চকপাচুড়িয়া এলাকায় চরম উত্তেজনা। সাধারণ মানুষের চলাচলের রাস্তা দখলমুক্ত করা এবং তোলাবাজির পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এক স্থানীয় বাসিন্দা বলেন, “আমাদের বাড়ির সীমানার সামনে জোর জবরদস্তি করে পার্টি অফিস দখল করা হচ্ছে। পবিত্র বিশ্বাস ওদের মদত দিচ্ছে। আমরা থানা-পুলিশ সব করেছি। পার্টি অফিস সরাতে বলা হয়েছে বলে আমাদের মারতে এসেছে। আমরা তো পার্টি অফিস করতে বারণ করছি না, কিন্তু সরিয়ে করুক।”
এদিকে বিজেপির বুথ সভাপতি বলেন, “আমায় টপকে ওরা পার্টি অফিস করতে চেয়েছে। আমায় জানায়নি। এখানে যে পার্টি অফিস করা হবে, তা আমি জানতাম না। জনগণের জন্য পার্টি, জনগণের স্বার্থে পার্টি অফিসটা একটু সরিয়ে করলে সকলের সুবিধা হবে।”