
নন্দীগ্রাম: ‘অন্নপূর্ণা ভান্ডার’, ‘বিধবা ভাতা’ কিংবা ‘বার্ধক্য ভাতা’ বা সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা যেন বৈধ নাগরিকরাই পান। ফের সতর্কবার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। আইন মেনে সরকারি নিয়ম নীতি না মানলে মিলবে না সরকারি প্রকল্পের সুবিধা। নন্দীগ্রামের ‘জনকল্যাণ শিবির’ থেকে এমনই হুঁশিয়ারি শুভেন্দুর। এর আগে অন্নপূর্ণা ভান্ডার চালুর সময়েও একই হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি ও তাঁর ক্য়াবিনেটের মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
শুভেন্দু বলেন, “আপনারা সকলে রাষ্ট্রবাদী জনগণ। আপনারা নিশ্চয়ই চাইবেন না বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী অন্নপূর্ণা যোজনার সুবিধা পান। এটার অধিকার কেবল ভারতীয় নাগরিকদের রয়েছে। যাঁরা বলে ভ্যাকসিনেশন করলে জন্ম নিয়ন্ত্রণ হয়ে যায়। আর তার জন্য বাচ্চাদের ভ্যাকসিনেশন করে না তাঁরা কেন সরকারি সুবিধা পাবে? যাঁরা বাচ্চাদের সরকারি স্কুলে ভর্তি করান না, অথচ এমন জায়গায় পড়ান যেখানে শিশুদের বন্দে মাতরম গাইতে অসুবিধা হয় তাঁরা কেন এই সরকারি সুবিধা পাবে?”
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মূল বার্তা হল— নতুন সরকার প্রকল্পের বরাদ্দ বাড়িয়ে মাসে ৩,০০০ টাকা (অন্নপূর্ণা ভাণ্ডার) করলেও, তালিকা হবে সম্পূর্ণ ‘পরিচ্ছন্ন ও স্বচ্ছ’। কোনও অনুপ্রবেশকারী, ভুয়ো অ্যাকাউন্টধারী বা সম্পন্ন পরিবারের মানুষ যাতে গরিব মানুষের জন্য বরাদ্দ টাকা না পায়, তা নিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি। অর্থাৎ সরকারি প্রকল্পের একটা টাকা নিয়ে যে দুর্নীতি হবে না সেই বার্তাই দেওয়া হয়েছে।