
কলকাতা: কখনও দিলীপ ঘোষ (Dilip Ghosh) মাছ ধরেন, কোনও গাছ থেকে আম পাড়েন। এমন অনেক ছবিই সামনে এসেছে আগে। এবার মন্ত্রী হওয়ার পর তাঁকে আরও নানা ভূমিকায় দেখা যাচ্ছে। কিছুদিন আগে ‘ঝালমুড়ি’ গানের রেকর্ডিং করেছিলেন দিলীপ ঘোষ, আর এবার পর্দায় অভিনয় করতে দেখা যাবে রাজ্যের পঞ্চায়েতমন্ত্রীকে।
সোমবার সকালে নিউ টাউনে একটি মিউজিক ভিডিয়ো লঞ্চে উপস্থিত ছিলেন সস্ত্রীক দিলীপ ঘোষ। ‘শঙ্করা’ নামে একটি মিউজিক ভিডিয়ো তৈরি করেছেন সঙ্গীতশিল্পী চয়নিকা। সেখানেই অভিনয় করতে দেখা যাচ্ছে দিলীপ ঘোষকে। ত্রিশূল হাতে পর্দায় অভিনয় করছেন দিলীপ।
গানের পর এবার অভিনয়! এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “আমাকে দল যখন যা করতে বলেছে, তাই করেছি। পার্টি বলল প্রেসিডেন্ট হও, হলাম। এবার বলল মন্ত্রী হও হলাম। বলল এমএলএ হও, হলাম। বলল এমপি হতে হলাম। যাঁরা গান করেন, তাঁরা গান গাইতে বললেন গাইলাম। এবার অভিনয় করার চেষ্টা করেছি।” সেই সঙ্গে দিলীপ ঘোষ বলেন, “সব রাজনৈতিক নেতাই অভিনেতা, আলাদা করে অভিনয় করা দরকার পড়ে না।”
কিছুদিন আগেই দেখা যায় স্টুডিয়োতে গান রেকর্ডিং করছেন দিলীপ ঘোষ। স্টুডিয়োতে ‘ঝালমুড়ি’ নিয়ে গান রেকর্ড করেন তিনি। আর এবার অভিনয়।