
কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের চারটি FIR মামলার শুনানি আপাতত মুলতুবি রাখল কলকাতা হাই কোর্ট। আপাতত তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নয়, মৌখিক পর্যবেক্ষণ আদালতের। আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত মামলার শুনানি মুলতবি রাখল আদালত।
সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, সুপ্রিম কোর্টের কী হয় তা দেখেই পরবর্তী শুনানি হবে। আগামী ৩১ অগাস্টের পরে এই মামলার শুনানি হবে। তার মধ্যে সুমিতের বিরুদ্ধে পুলিশ কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না। যদি পুলিশ কোনও পদক্ষেপ করে তবে সুমিত আদালতের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন। এখনও পর্যন্ত সুমিতের বিরুদ্ধে কতগুলি FIR দায়ের হয়েছে রাজ্য পুলিশের ডিজিকে তা জানাতে হবে।
অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার এদিন আদালতে আবেদন করেন, আপাতত মামলার শুনানি মুলতবি রাখা হোক। একটি মামলায় সুমিতের আগাম জামিনের আবেদন খারিজ করা হয়েছে। ওই নির্দেশ চ্যালেঞ্জ করে সুমিত সুপ্রিম কোর্টে গিয়েছেন। শীর্ষ আদালত ওই মামলায় সাময়িক সময়ের জন্য রক্ষাকবচ দিয়েছে। সুমিত রায়ের মাধ্যমে ২০ কোটি টাকা একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঢুকেছে। ৩১ আগস্টের পরে মামলার শুনানি করা হোক।
সুমিতের আইনজীবী বিকাশ পাওহা আদালতে জানান, মোট ছ’টি মামলা রয়েছে সুমিতের বিরুদ্ধে। তদন্তে আট বার হাজিরা দিয়েছেন। গত ৫ জুন প্রথম FIR দায়ের হয়। দ্বিতীয় FIR দায়ের হয় গত ১৬ জুন। ওই দু’টির মধ্যে একটি মামলায় সুপ্রিম কোর্ট রক্ষাকবচ দিয়েছে। এর পরে চারটি FIR দায়ের হয়েছে। আরও মামলা দায়ের করে চলেছে রাজ্য। প্রায় প্রতি দিনই মামলা দায়ের হচ্ছে। এরপরই শুনানি আপাতত মুলতুবি রাখে।
প্রসঙ্গত, সুমিত রায়ের বিরুদ্ধে শালবনি জমি দুর্নীতি ও চাকরি মামলাসহ একাধিক অভিযোগে মামলা চলছে। এই মামলায় কলকাতা হাইকোর্ট তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করেছিল। এরপর তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এবং সেখানে অন্তর্বর্তী রক্ষাকবচ বা গ্রেফতারির ওপর স্থগিতাদেশ পান।