
কলকাতা: মিছিল করতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মাহেশ থেকে শ্রীরামপুর কোর্ট পর্যন্ত মিছিল করার আবেদন করে আদালতের দ্বারস্থ হন তৃণমূল নেতা অসিত মজুমদার। বৃহস্পতিবার ছিল এই মামলার শুনানি। বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চের নির্দেশ, শ্রীরামপুরে মিছিল নয়, তার বদলে মিটিং করতে পারবে কালীঘাট তৃণমূল। নেতৃত্বে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে বেশ কিছু শর্তও বেধে দিয়েছে আদালত।
কোর্ট কী শর্ত দিয়েছে?
আদালতের নির্দেশ, সাধারণ মানুষের যাতে সমস্যা না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। মিটিং করলেও গাড়ি চলাচলের জন্য জায়গা রাখতে হবে। দুপুর একটা থেকে মিটিং শুরু হবে। শেষ করতে হবে দুপুর তিনটের মধ্যে। ২ হাজার লোক নিয়ে মিটিং হবে। একক বেঞ্চের স্পষ্ট নির্দেশ,মিটিং করার সময় এমন কোনও মন্তব্য করা যাবে না, যার কারণে বিশেষ কোনও গোষ্ঠী মর্মাহত হয়। অপরদিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে তার ব্যবস্থা করতে হবে পুলিশকে। আজ রাত ৮টা মধ্যে ১০ ভলেন্টিয়ার নাম নম্বর দিতে হবে বলে নির্দেশ কোর্টের।
কোন ইস্যুতে মিটিং?
রাজ্য সরকারের বিভিন্ন কাজে খুশি নয় কালিঘাট তৃণমূল কংগ্রেস। তারই প্রতিবাদ জানিয়ে মিছিলের অনুমতি চেয়েছিল তারা। ১১ সেপ্টেম্বর মিছিলের আবেদন করা হয়। আজ সেই মামলাতেই মিছিলের বদলে মিটিং করতে বলল কোর্ট। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “রাজ্যের তরফে বারেবারে বিরোধিতা করা হয়। জজ শুনছিলেন। তারপর তাঁর সাজেশন ছিল কোনও মিটিং যদি করা যায়। আমি তাতে সম্মতি জানাই। আর মিটিংটা হবে জগন্নাথদেব স্থানপিঁড়ি ময়দানে। আমরা মিছিল করতে চেয়েছিলাম। মমতাদি বক্তব্য রাখতে পারবেন।”