
কলকাতা: ফলতায় পরাজয়ের পর এবার চরম অস্বস্তিতে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গির খান (Jahangir Khan)। আগের দেওয়া রক্ষাকবচের মেয়াদ আর বাড়াতে চাইল না আদালত। এই মুহূর্তে অন্তর্বতী রক্ষাকবচ নয়। সাফ জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। রক্ষাকবচের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল আগেই। এবার বিচারপতি পার্থসারথী সেনের অবকাশকালীন বেঞ্চের নির্দেশে নতুন করে আর কোনও রক্ষাকবচ দেওয়া হল না।
গত রবিবার ফলতা কেন্দ্রের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। আজ, মঙ্গলবার পর্যন্ত মেয়াদ ছিল জাহাঙ্গিরের রক্ষাকবচের। সেই মেয়াদ বাড়ানোর আর্জি জানানো হয়েছিল আদালতে। কিন্তু প্রার্থী হিসেবে যে রক্ষাকবচ দেওয়া হয়েছিল, সেটা কেন এখনও থাকবে, প্রশ্ন ওঠে হাইকোর্টে। ভোটের আগেই যিনি নিজেকে ‘পুষ্পা’ বলে পরিচয় দিয়েছিলেন, পুনর্নির্বাচনের আগে সেই জাহাঙ্গিরই প্রার্থী হিসেবে নিজেকে সরিয়ে নেওয়ার কথা বলেছিলেন।
উল্লেখ্য, ফলতা থানায় জাহাঙ্গিরের বিরুদ্ধে দুটি এফআইআর দায়ের হয়েছিল, তার ভিত্তিতেই এই রক্ষাকবচ চাওয়া হয়েছিল। পুনর্নির্বানের আগে সেই রক্ষাকবচ দেওয়া হয়েছিল।
বিচারপতি পার্থসারথী সেন বলেন, “ঠিক হোক বা ভুল, পুলিশে অভিযোগ দায়ের হয়েছে, তার মানে আপনাকে তদন্তে সহযোগিতা করতে হবে। আপনি আত্মসমর্পণ করুন। তদন্তে সহযোগিতা করুন।” বিচারপতির পরামর্শ, পুলিশ রিপোর্ট জমা দেওয়ার আগে চাইলে মামলা তুলে নিতে পারেন জাহাঙ্গির। তবে মামলা তুলে নিতে রাজি হননি জাহাঙ্গিরের আইনজীবী।