
কলকাতা: মেসিকাণ্ডে আরও বিপদ বাড়ল প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের (Aroop Biswas)। তাঁকে রক্ষাকবচ দিল না কলকাতা হাইকোর্ট। গ্রেফতারির আশঙ্কা করে আজ রক্ষাকবচ চেয়ে আদালতে আগাম শুনানির আবেদন করেছিলেন অরূপ। কিন্তু, তাঁর আবেদনে মান্যতা দিল না কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আদালতের বিচারপতি সৌগত ভট্টাচার্য (Sougata Bhattacharya) স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ধরনের মামলায় জরুরি ভিত্তিতে নয়, নিয়ম মেনেই শুনানি হবে। উল্লেখ্য, আজই বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেওয়ার কথা ছিল অরূপের। কিন্তু, সময় পেরিয়ে গেলেও হাজিরা দেননি। হাজিরা এড়িয়ে কি এবার গ্রেফতার হতে পারেন অরূপ? জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এদিকে, জানা গিয়েছে,আজই প্রাক্তন মন্ত্রীর বাড়িতে তল্লাশি অভিযানে যেতে পারে পুলিশ।
গ্রেফতারির আশঙ্কা করে আজ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। জানা গিয়েছে, আইনজীবী মারফত অরূপ গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করে আগাম জামিনের আবেদন করেন আদালতে। অরূপ বিশ্বাসের আশঙ্কা, “আমার ভাই গ্রেফতার হয়ে গিয়েছে। আমিও যে কোনও সময় গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করছি। কেন ঘটনার ৬ মাস পর আজ ডেকে পাঠিয়েছেন। এই প্রশ্ন তোলেন তিনি।
তবে, বিচারক সৌগত ভট্টাচার্য জানিয়ে দেন, গ্রেফতারের আশঙ্কা থাকলে ক্রিমিনাল বেঞ্চে আবেদন করুন। এখানে কেন? জরুরি ভিত্তিতে কোনও মামলার শুনানির অনুমতি দেওয়া হচ্ছে। বিচারপতির মন্তব্য, “শুনানি হবে নিয়ম মেনে। এই ধরনের মামলাকে এভাবে অগ্রাধিকার দেওয়া যায় না। গ্রেফতারির আশঙ্কা থাকলে আগাম জামিনের আবেদন করুন।”
মেসিকাণ্ডে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে দ্বিতীয়বার তলব করে পুলিশ। এদিকে, তলবের পর রবিবারই তাঁর বাড়িতে পৌঁছে যায় পুলিশ। প্রাক্তন মন্ত্রীর বাড়ির দরজায় নোটিস সেঁটে দেন পুলিশ কর্তারা। সাফ জানিয়ে দেওয়া হয়, সোমবারই তাঁকে থানায় হাজিরা দিতে হবে। সকাল ১১টার মধ্যে তাঁকে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়। কিন্তু, ফের তিনি হাজিরা এড়ালেন। এদিকে, আজই তল্লাশি অভিযানে অরূপের বাড়িতে যেতে পারে পুলিশ। সেক্ষেত্রে গ্রেফতারির আশঙ্কা আরও বাড়ল বলেই মনে করা হচ্ছে।