Calcutta High Court: জাহাঙ্গির খানের রক্ষাকবচ প্রত্যাহার চায় রাজ্য, কী বলল হাইকোর্ট?

Jahangir Khan Protection Case: বৃহস্পতিবার (২১ মে) ফলতায় পুনর্নির্বাচন। আর ফল ঘোষণা ২৪ মে। তার আগে গতকাল সাংবাদিক বৈঠক করে জাহাঙ্গির বলেন, "ফলতার উন্নয়নের জন্য, ফলতার সাধারণ মানুষের স্বার্থের জন্য আগামী ২১ মে পুনর্নিবাচন থেকে নিজেকে সরিয়ে দিলাম।"

Calcutta High Court: জাহাঙ্গির খানের রক্ষাকবচ প্রত্যাহার চায় রাজ্য, কী বলল হাইকোর্ট?
জাহাঙ্গির খানকে নিয়ে রাজ্যের আবেদনে কী বলল হাইকোর্ট?Image Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

May 20, 2026 | 1:31 PM

কলকাতা: তিনি ফলতার তৃণমূল প্রার্থী। তবে গতকাল নিজেই সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন। এই পরিস্থিতিতে জাহাঙ্গির খানের রক্ষাকবচ প্রত্যাহারের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল রাজ্য। বুধবার রাজ্যের এই আর্জি শুনে বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, ২৬ মে পর্যন্ত রক্ষাকবচ থাক, পরে আদালত তা পর্যালোচনা করবে।

তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি মিথ্যা এফআইআর(FIR) দায়ের হয়েছে বলে অভিযোগ তুলে গত সোমবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। তাঁর সেই আবেদনের ভিত্তিতেই বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন, আগামী ২৬ মে পর্যন্ত জাহাঙ্গিরের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। তবে তদন্তের উপর কোনও স্থগিতাদেশ দেয়নি আদালত। তদন্তে সবরকম সহযোগিতা করতে নির্দেশ দেয় হাইকোর্ট।

বৃহস্পতিবার (২১ মে) ফলতায় পুনর্নির্বাচন। আর ফল ঘোষণা ২৪ মে। তার আগে গতকাল সাংবাদিক বৈঠক করে জাহাঙ্গির বলেন, “ফলতার উন্নয়নের জন্য, ফলতার সাধারণ মানুষের স্বার্থের জন্য আগামী ২১ মে পুনর্নিবাচন থেকে নিজেকে সরিয়ে দিলাম।”

গতকাল তাঁর এই ঘোষণার পর এদিন হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য। জাহাঙ্গিরের রক্ষাকবচ প্রত্যাহারের আবেদন জানিয়ে রাজ্যের আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায় সওয়াল করেন, “ভোটে প্রার্থী হওয়ায় রক্ষাকবচ দিয়েছিল আদালত। কিন্তু, মঙ্গলবার ভোট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন জাহাঙ্গির। তাই আদালত নির্দেশ পুনর্বিবেচনা করে সিদ্ধান্ত নিক।” রাজ্যের সওয়াল শোনার পর বিচারপতি বলেন, ২৬ মে পর্যন্ত রক্ষাকবচ থাক। পরে আদালত তা পর্যালোচনা করবে। হাইকোর্টের এই নির্দেশে আপাতত স্বস্তি পেলেন জাহাঙ্গির। কিন্তু, ২৬ মে-র পর সেই স্বস্তি বজায় থাকে কি না, সেটাই এখন দেখার।

Follow Us