
কলকাতা: রাজ্য সরকারপোষিত স্কুল-কলেজে কর্মরত বা অবসরপ্রাপ্ত শিক্ষক-অশিক্ষক কর্মীরা কেন বকেয়া ডিএ (DA) পাবেন না? এই নিয়ে এবার রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশের পরও বকেয়া ডিএ পাননি সরকারপোষিত শিক্ষক-অশিক্ষক কর্মীরা। এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন বা ABTA। এই মামলাতেই বিচারপতি অমৃতা সিনহা রাজ্যের অর্থ দফতরের কাছে রিপোর্ট তলব করেছেন।
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, রাজ্য সরকারের অধীনে থাকা কর্মচারীদের বকেয়া ডিএ মেটানোর কাজ শুরু করেছে রাজ্য সরকার। এছাড়া কমিটি গঠন করে বকেয়া মহার্ঘ ভাতা কীভাবে মেটানো হবে, সেই বিষয়ে শীর্ষ আদালতকে বিস্তারিত জানিয়েছে রাজ্য। কিন্তু, সরকার পোষিত শিক্ষক-শিক্ষাকর্মীদের বকেয়া ডিএ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এবিটিএ-র অভিযোগ, তাঁদের বকেয়া ডিএ নিয়ে রাজ্যের অবস্থান স্পষ্ট নয়।
রাজ্য আদালতকে জানিয়েছে, ঘোষিত মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে এখনও কিছু ঠিক হয়নি। অর্থ দফতর এই বিষয়ে কিছু ঠিক করেনি। এরপরই অসন্তোষ প্রকাশ করে বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন তোলেন, সুপ্রিম কোর্টের নির্দেশের পরও কেন রাজ্যের অর্থের দফতর বকেয়া ডিএ দেবে না? এরপরই এই ঘটনায় রাজ্যের অর্থ দফতরের কাছে ১৭ সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট তলবের নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা। কীভাবে টাকা মেটানো হবে, সেই বিষয়ে রিপোর্টে বিস্তারিত জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা।