
কলকাতা: ক্যামাক স্ট্রিটে তৃণমূল কংগ্রেসের অফিসের বিলবোর্ড খুলে দেওয়াকে কেন্দ্র করে জল গড়াল কলকাতা হাইকোর্টে। পুরসভার এই পদক্ষেপের বিরুদ্ধে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন তৃণমূলের আইনজীবী কিশোর দত্ত। আদালতে আইনজীবী কিশোর দত্ত জানান, গতকাল বিকাল ৪:৪৫ মিনিট নাগাদ কলকাতা পুরসভার প্রতিনিধিরা আচমকাই তৃণমূলের ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়ে ভাঙচুরের কাজ শুরু করেন। বিষয়টি গতকালই হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে জানানো হয়েছিল এবং তিনি সংশ্লিষ্ট বেঞ্চে যাওয়ার নির্দেশ দেন। এই পরিস্থিতিতে দ্রুত শুনানি নিশ্চিত করতে অতিরিক্ত তালিকা প্রকাশ করে মামলাটি শোনার আবেদন জানান তৃণমূলের আইনজীবী।
মামলা দায়ের করার অনুমতি দিয়ে বিচারপতি রাজা বসুচৌধুরী জানান, মামলার নম্বর পাওয়ার আগে শুনানি সম্ভব নয়। মামলা দায়ের করে নম্বর এলেই আজকেই শুনানি গ্রহণ করা হবে। পাশাপাশি, এই বিষয়ে মামলার অপর পক্ষকেও দ্রুত নোটিস দিয়ে জানানোর নির্দেশ দিয়েছে আদালত।
প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকালে অভিষেকের অফিসের বিল বোর্ড খোলা নিয়ে রীতিমতো তুলকালাম পরিস্থিতি তৈরি হয় ক্যামাক স্ট্রিটের অফিসে। পুলিশ-পুরসভার কর্মীদের সঙ্গে অভিষেকের অফিসের কর্মীদের রীতিমতো হাতাহাতি হয়। শেষপর্যন্ত সন্ধ্যা ৬টা নাগাদ বিল বোর্ড খোলেন পুরসভার কর্মীরা।