
কলকাতা: সাতসকালে সিজিও কমপ্লেক্সের বাইরে বসে দুই শিশু। মাঝেমধ্যে ইতঃস্তত ঘুরে বেড়াচ্ছিল এদিক-ওদিক। প্রাতঃভ্রমণকারীদের নজরেই প্রথমে বিষয়টা পড়ে। তাঁরাই প্রথমে শিশু দুটিকে জিজ্ঞাসা করেন, তারা এখানে কী করছে, কাদের সঙ্গে এসেছে। সবটা শুনে থানায় খবর দেন প্রাতঃভ্রমণকারীরা। সিজিও-র সামনে থেকে দুটি শিশুকে উদ্ধার করে উত্তর থানার পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, সম্পর্কে তারা ভাই-বোন। কোথায় বাড়ি, তা সঠিকভাবে বলতে না পারলেও, দুই শিশু যা বিবরণ দিয়েছে, তাতে প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, তাদের বাড়ি মেদিনীপুরে।
পুলিশকে দুই শিশু জানিয়েছে, সোমবার রাতে মা তাদের ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে এখানে আসে। তারপর রাতে মায়ের সঙ্গে বেশ কিছু এলাকায় ঘোরাফেরা করে তারা। খাবার কেনার নাম করে মা তাদের এখানে বসতে বসে চলে যান। আর ফিরে আসেননি। রাতভর রাস্তার ধারেই বসেছিল দুই শিশু। সকালে প্রাতঃভ্রমণকারীদের নজরে পড়ে তারা ইতঃস্তত ঘোরাফেরা করছে। পুলিশ ওই শিশু দুটিকে উদ্ধার করেছে। এই মুহূর্তে তারা উত্তর থানায় রয়েছে। শিশুদের পরিবারের খোঁজ চালাচ্ছে পুলিশ। আশপাশের থানায় খোঁজ নেওয়া হচ্ছে, কোথায় কোনও মিসিং ডায়েরি হয়েছে কিনা।