
কলকাতা: সকাল সকাল যোধপুর পার্ক বয়েজ় স্কুলের (Jodhpur Park Boys School) সামনে উত্তেজনা। বিক্ষোভ দেখাচ্ছেন স্কুলের অভিভাবকরা। সরকারি নির্দেশ না মেনে স্কুলের (Jodhpur Park Boys School Chaos) এক শিক্ষকের বিরুদ্ধে প্রাইভেট টিউশন পড়ানোর অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, পড়ুয়াদের টিউশনে পাঠানোর জন্য অভিভাবকদের চাপও দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এই ইস্যুতে বিক্ষোভ শুরু হলেও তা পরে আবার অন্য দিকে মোড় নেয়। অভিভাবকরাই নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়েন।
সরকারি নির্দেশিকা অনুযায়ী, স্কুলের শিক্ষক প্রাইভেট টিউশন পড়াতে পারবেন না। কিন্তু, তা উপেক্ষা করেই প্রাইভেট টিউশন পড়াচ্ছিলেন যোধপার্ক বয়েজ় স্কুলের এক শিক্ষক। ছেলে-মেয়েদের তাঁর কাছেই টিউশন পড়ানোর জন্য চাপও দিচ্ছিলেন বলে অভিযোগ। একইসঙ্গে বিদ্যালয়ের মর্নিং সেকশনের ইনচার্জের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলে আজ সকালে স্কুলের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবকরা।
কিন্তু, পরে অভিভাবকরা নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়ে পড়েন। জানা গিয়েছে, সমস্যার সমাধান করতে স্কুলের বেশ কয়েকজন শিক্ষক বিক্ষোভকারী অভিভাবকদের সঙ্গে কথা বলতে যান। সেইসময় এক শিক্ষকের উপর অভিভাবকরা তেড়ে যায় বলে অভিযোগ। সেইসময় এই ঘটনার প্রতিবাদ করেন অভিভাবকদের একাংশ। কোনও শিক্ষকের সঙ্গে এরকম আচরণ করা যায় না বলে প্রতিবাদ করেন তাঁরা। সব মিলিয়ে উত্তেজনা তৈরি হয় বিদ্যালয়ের সামনে।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বিক্ষোভকারী অভিভাবকদের সঙ্গে কথা বলেন। যাতে স্কুলের সামনে বিশৃঙ্খলা না তৈরি হয়, সেই চেষ্টায় অভিভাবকদের বোঝানোর চেষ্টা করে পুলিশ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে খবর।