
কলকাতা: স্বাস্থ্য থেকে ক্রীড়া, উত্তরবঙ্গের জন্য এবার বাজেটে বড়সড় বরাদ্দ করল বাংলার বিজেপি সরকার। উত্তরবঙ্গে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম তৈরিতে বরাদ্দ ২০ কোটি টাকা। আউটডোর ও ইনডোর স্টেডিয়াম তৈরি হবে। শুধু তাই নয়, তৈরি হবে ক্যানসার হাসপাতাল, তৈরি হবে এইএমস। এদিন বাজেট পেশের শুরুতেই অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেন, সারা রাজ্যে উন্নততর স্বাস্থ্য ব্যবস্থা চালু করার জন্য, রাজ্য সরকার উত্তরবঙ্গে একটি AIIMS হাসপাতাল, একটি বিশিষ্ট ক্যান্সার হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেবে। দার্জিলিংয়ে নতুন ট্রমা সেন্টার।
হাসপাতাল থেকে আইআইটি
এখানেই শেষ নয়, উত্তরবঙ্গে তৈরি হবে আইআইটি, আইআইএম। অন্যদিকে আলিপুরদুয়ার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুরে হচ্ছে নতুন মেডিকেল কলেজ। দার্জিলিংয়ে হচ্ছে সুপার স্পেশ্যালিটি হাসপাতাল। উড়ান প্রকল্পে মালদহে হচ্ছে বিমানবন্দর। নতুন দমকল কেন্দ্র হেমতাবাদ, করণদিঘি, মানিকচক, গিতদাবলিংয়ে। পাশাপাশি উত্তরবঙ্গ পাচ্ছে নতুন চার পুরসভা। তালিকায় গাজোল, চাঁচল, শিবমন্দির, টুঙ্গিদিঘি।
আরও বরাদ্দ কোথায় কোথায়?
অন্যদিকে উত্তরবঙ্গের কৃষি প্রধান অঞ্চলের জন্য করেন বড় ঘোষণা। বলেন, “উত্তরবঙ্গের তরাই কৃষি-জলবায়ু অঞ্চল (জলপাইগুড়ি, কুচবিহার, শিলিগুড়ি ও উত্তর দিনাজপুর) গোলমরিচ, আদা, হলুদ, তেজপাতা, এলাচ ইত্যাদি মশলা উৎপাদনের জন্য খুবই সহায়ক। এই কাজে নিয়োজিত কৃষক ও উদ্যোগপতি সাহায্যার্থে উত্তরবঙ্গে একটি স্পাইস-হাব গড়ে তোলার জন্য আমি ৫০ কোটি টাকা বাজেট বরাদ্দ করছি। এই টাকায় নার্সারি তৈরি, সেচের সুবিধাযুক্ত মশলা চাষের জমির এলাকা বৃদ্ধি এবং পণ্যের প্রসেসিং/মার্কেটিং-সহ সেন্টার ফর ডেভলপমেন্ট অব্ স্পাইসেস গড়ে তোলা হবে।”
অন্যদিকে শিলিগুড়িতে তথ্যপ্রযুক্তি পরিকাঠামোর ক্রমবর্ধমান চাহিদা বিবেচনা করে আগামীতে ২৬ কোটি টাকা ব্যয়ে বর্দ্ধমান ক্যাম্পাসের মধ্যে প্রায় ৫০,০০০ স্কোয়ার ফুট বিল্ট আপ স্পেস-সহ শিলিগুড়ি আইটি পার্কের উন্নয়ন করা হবে বলেও ঘোষণা করা হয়েছে।