
কলকাতা: রবীন্দ্র সদনে আরএসএসের বঙ্কিম শরণে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফের অনুপ্রবেশমুক্ত বাংলা গড়ার ডাক মুখ্যমন্ত্রীর। তাঁর সাফ কথা, শরণার্থীদের ভয় নেই, অনুপ্রবেশকারীদের তাড়াবই। অন্যদিকে জোরালো সওয়াল ইউসিসি-র পক্ষে। জোর দিয়েই বললেন, “অভিন্ন দেওয়ানি বিধি চালু হবেই। পশ্চিমবঙ্গে ইউনিফর্ম সিভিল কোড আনবে আপনাদের সরকার। ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ আর বলপূর্বক ধর্ম পরিবর্তন করার বিরুদ্ধে কঠোর এবং কঠিন আইন এই সরকার আনবে।”
বন্দে মাতরমের সার্ধশতবর্ষে বাংলায় যে আর কোনও রাষ্ট্রবিরোধী কাজ বরদাস্ত করা হবে না তাও এদিন আরও একবার মনে করিয়ে দেন শুভেন্দু। বলেন, “গণতন্ত্রে স্বৈরাচারীরা কখনও শেষ কথা বলেনি। গুন্ডা দমন তো হবেই, সম্পত্তিও বাজেয়াপ্ত হবে। জাতীয় সুরক্ষার স্বার্থে কাজ করছি আমরা।”
বন্দে মাতরম প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, “এই প্রথম রাজ্য সরকারের পক্ষ থেকে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কলেজস্ট্রিটের বাড়ি ও নৈহাটিতে কর্মসূচি করেছি। বন্দেমাতরমের দেড়শো বছরে গতবার বিজেপি কর্মসূচি নিয়েছিল। কিন্তু কলেজ স্ট্রিটে স্থানীয় কাউন্সিলরের নেতৃত্বে ঢালাই রাস্তা খুঁড়ে দেওয়া হয়েছিল যাতে আমরা ঢুকতে না পারি।”
এরপরই তাঁর সংযোজন, “বন্দে মাতরমের মধ্যে যে লুক্কায়িত জ্ঞান রয়েছে তা যদি আমরা ক্রুটিযুক্ত মানুষ হিসাবে কিছুটা গ্রহণ করতে পারি তাহলে আমরা আমাদের দেশকে সুরক্ষিত করতে পারব।” কিছুদিন আগেই শিক্ষা প্রতিষ্ঠানে বন্দে মাতরমকে প্রার্থনা সঙ্গীত হিসাবে যুক্ত করা হয়েছে। সেই প্রসঙ্গ টেনে তিনি বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানে বন্দে মাতরমকে প্রার্থনা সঙ্গীতে কার্যকর করেছি। আমরা দেখছি লাইনে দাঁড়িয়ে পড়েছে সরকার বলছে বলে। গাইতে অনেকে বাধ্য হচ্ছে, অনেকের ঠোঁট নড়ছে না। ঠোঁটটাকেও নাড়াতে হবে। একটু সময় লাগবে। সেটাও করব আমরা। ভরসা রাখুন।”