Nabanna on Government Employees: রাজ্য সরকারি কর্মীদের জন্য জরুরি সার্কুলার, আর করা যাবে না এইসব কাজ

Nabanna: অল ইন্ডিয়া সার্ভিসেস (কনডাক্ট) রুলস, ১৯৬৮ এবং পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারি আচরণ বিধি (১৯৫৯ ও ১৯৮০)-র বিভিন্ন ধারা মনে করিয়ে দিয়ে রাজ্য সরকার জানিয়েছে , এই নিয়ম লঙ্ঘন করলে সংশ্লিষ্ট কর্মচারিদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে। রাজ্যের সমস্ত অধীনস্থ অফিসগুলিতে এই নির্দেশিকা দ্রুত ছড়িয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে

Nabanna on  Government Employees: রাজ্য সরকারি কর্মীদের জন্য জরুরি সার্কুলার, আর করা যাবে না এইসব কাজ
জারি সার্কুলারImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

May 21, 2026 | 7:30 AM

সুমন মহাপাত্র ও প্রদীপ্তকান্তি ঘোষের রিপোর্ট

কলকাতা: নতুন সরকার গঠনের পর থেকেই নতুন-নতুন নিয়ম ও কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে সব ক্ষেত্রে। প্রশাসনিক ক্ষেত্রে আগেই বিভিন্ন বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এবার বার্তা এল রাজ্য সরকারি কর্মীদের উপর। এবার থেকে রাজ্য সরকারি কর্মীরা নিজেদের মতামত প্রকাশ করতে পারবেন না সংবাদমাধ্যমের সামনে। শুধু তাই নয়, কোনও নথি আদান-প্রদানও করতে পারবেন না তাঁরা। এমনকী, সংবাদপত্রে লেখালেখি বা যে কোনও মিডিয়া কার্যকলাপেও তারা থাকতে পারবেন না বলে জানিয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ।

কাদের জন্য এই নির্দেশিকা জারি হল?

নতুন নির্দেশিকা অনুযায়ী, আইএএস (IAS), ডবলিউবিসিএস (WBCS), পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিস (WBPS)-এর আধিকারিকদের পাশাপাশি রাজ্যের অন্যান্য সরকারি কর্মচারী, জেল কর্মী, সরকারি অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, বোর্ড, পুরসভা, পুর নিগম ও স্বশাসিত সংস্থার কর্মীদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে।

গত ১৯ মে ২০২৬ এই মর্মে একটি নির্দেশিকা জারি করেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল। এরপর জরুরি সার্কুলারটি রাজ্য সরকারের পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস (P&AR) দফতর থেকে সমস্ত দফতরের প্রধান, জেলা শাসক এবং পুলিশ প্রশাসনকে পাঠানো হয়েছে।

রাজ্য সরকারি কর্মচারিদের উদ্দেশে কী বলা হয়েছে?

ক) অনুমতি ছাড়া কোনও মিডিয়ার অনুষ্ঠানে নিষেধাজ্ঞা: সরকারের পূর্বানুমতি ছাড়া কোনও সরকারি কর্মচারি বেসরকারি বা ব্যক্তিগতভাবে প্রযোজিত কোনও মিডিয়া অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না।
খ) তথ্য ফাঁসের ওপর নিষেধাজ্ঞা: সরকারি কোনও আদেশ বা অনুমতি ছাড়া প্রেস বা সংবাদমাধ্যমের কাছে সরাসরি বা পরোক্ষভাবে কোনও সরকারি নথি বা তথ্য আদান-প্রদান করা যাবে না ।
গ)সংবাদপত্রে লেখালেখি: সরকারের আগাম অনুমতি ছাড়া কোনও সংবাদপত্র বা সাময়িকী সম্পাদনা করা, রেডিওতে বক্তব্য রাখা কিংবা কোনও চিঠি লেখা সম্পূর্ণ নিষিদ্ধ।
ঘ)সরকারি নীতির সমালোচনা: কোনও কর্মী সংবাদমাধ্যম,সামাজিক মাধ্যম বা অন্য কোনও উপায়ে কেন্দ্র বা রাজ্য সরকারের কোনও নীতি বা সিদ্ধান্তের বিরুদ্ধে কোনও রকম বিরূপ মন্তব্য বা সমালোচনা করা যাবে না।
ঙ) বিদ্বেষমূলক মন্তব্য: যে কোনও মাধ্যমে এমন কোনও বক্তব্য,প্রকাশনা বা আলোচনা করা যাবে না, যা কেন্দ্র-রাজ্য সম্পর্ক, অন্য কোনও রাজ্যের সঙ্গে সম্পর্ক কিংবা কোনও পররাষ্ট্রের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ককে তিক্ত করতে পারে।

এই নিয়ম না মানলে কী হবে?

অল ইন্ডিয়া সার্ভিসেস (কনডাক্ট) রুলস, ১৯৬৮ এবং পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারি আচরণ বিধি (১৯৫৯ ও ১৯৮০)-র বিভিন্ন ধারা মনে করিয়ে দিয়ে রাজ্য সরকার জানিয়েছে , এই নিয়ম লঙ্ঘন করলে সংশ্লিষ্ট কর্মচারিদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে। রাজ্যের সমস্ত অধীনস্থ অফিসগুলিতে এই নির্দেশিকা দ্রুত ছড়িয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Follow Us