
গঙ্গারামপুর: দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে জনকল্যাণ শিবিরকে ঘিরে উত্তেজনা ছড়াল। সোমবার দুপুরে গঙ্গারামপুর পুরসভার রবীন্দ্র ভবনে চলা জনকল্যাণ শিবিরে উপস্থিত হন পুরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত দাস। অভিযোগ, তিনি শিবিরের কাজকর্ম পরিদর্শন করার সময় একদল ব্যক্তি তাঁকে ঘিরে ধরে ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জয়ন্ত দাস রবীন্দ্র ভবন থেকে বেরিয়ে নিজের স্কুটির দিকে যাওয়ার চেষ্টা করেন।
অভিযোগ, সেই সময় বিক্ষোভকারীরা তার স্কুটি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। এরপরই কয়েকজন বিক্ষোভকারী তার গায়ে কাদা ছুড়ে দেন বলেও অভিযোগ ওঠে। ঘটনার সময় বিজেপির টাউন সভাপতি বৃন্দাবন ঘোষ-সহ বিজেপি নেতৃত্ব ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পরে তারা জয়ন্ত দাসকে ঘটনাস্থল বেরিয়ে যেতে সাহায্য করে।
এরপরই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি টাউন সভাপতি বৃন্দাবন ঘোষ বলেন, “পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ সকলেই ছাপ্পা ভোটে নির্বাচিত হয়েছে। মানুষ এতদিন ভয়ে বলতে পারেননি। বিজেপি জয়লাভের পরেই মানুষ বলতে পারছে না। তাই এই স্লোগান দিয়েছে সাধারণ মানুষ।”
অন্যদিকে এনিয়ে ভাইস চেয়ারম্যান জয়ন্ত দাস বলেন, “আমি গিয়ে ভেতরে ঢুকে দেখলাম যে কী কাজ-কর্ম ঠিকমতো করছে কি না। এবং ফেরার সময় কিছু ছেলে তারা আমাকে ঘিরে ধরে চোর চোর চোর স্লোগান দিতে থাকে। পরে বিজেপি নেতারা আমাকে বের হতে সাহায্য করে। সরকারি প্রোগ্রাম, সরকারে কার্যক্রম যাতে সার্থক হয় তার জন্য এসেছিলাম। সেখানটায় তো এইসব জিনিসটা হওয়া উচিত নয়।”