
কলকাতা: সপ্তাহের শুরুতেই ভোগান্তি। সোমবার কলকাতায় ১২ ঘণ্টা অ্যাপ ক্যাব ধর্মঘটের (APP CAB Strike) ডাক দিয়েছে সিটু (CITU)। সকাল ৬টা থেকে শুরু হয়েছে ধর্মঘট (Strike)। চলবে সন্ধে ৬টা পর্যন্ত। সেক্ষেত্রে এই নির্দিষ্ট সময়ে অ্যাপে সার্চ করেও কোনও ক্যাব মিলবে না। অ্যাপ নির্ভর বাইকে যাঁরা যাতায়াত করেন, তাঁরাও সমস্যায় পড়বেন। জানা গিয়েছে, সিটুর ধর্মঘটকে সমর্থন করেছে বাইক ও ট্যাক্সি সংগঠনও। সেক্ষেত্রে, প্রায় ১২ ঘণ্টা অ্যাপ ক্যাবের পাশাপাশি বাইক, ট্যাক্সিও পাওয়া যাবে না। এর ফলে সপ্তাহের শুরুতেই চরম ভোগান্তির মুখে পড়েছেন যাত্রীরা।
জানা গিয়েছে, আজ সকাল ১১টায় মৌলালির রামলীলা ময়দানে অ্যাপ ক্যাবচালকরা জমায়েত হবেন। সেখান থেকে মিছিল করে পরিবহন দফতরে স্মারকলিপি জমা দেবেন। মোট ১১ দফা দাবিতে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। সেই দাবিতে পেট্রোল-ডিজেলের দাম থেকে ভাড়া বৃদ্ধি-সহ একাধিক বিষয় রয়েছে। কোন কোন দাবিতে সিটু ধর্মঘটের ডাক দিয়েছে দেখে নেওয়া যাক…
এদিকে, সপ্তাহের শুরুতে অ্যাপ ক্যাবের ধর্মঘটের জেরে চরম ভোগান্তির শিকার যাত্রীরা। বিশেষ করে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে সমস্যায় পড়েছেন অনেকে। কারণ অনেকেই জানেন না, ধর্মঘট ডাকা হয়েছে। শিয়ালদহ স্টেশন, বিমানবন্দরের বাইরে যাত্রীদের লম্বা লাইন। কেউ একঘণ্টা ধরে অপেক্ষা করছেন, কেউ দেড় ঘণ্টা। একেই ক্যাব মিলছে না, তার উপর বৃষ্টি। ফলে ক্ষোভে ফেটে পড়ছেন যাত্রীরা। এদিকে, অ্যাপ ক্যাব না মিললেও অ্যাপ নির্ভর শাটল পরিষেবা স্বাভাবিক রয়েছে।