
কলকাতা: রাজ্যের যেকোনো ধরনের প্রাকৃতিক ও কৃত্রিম বিপর্যয় দক্ষতার সঙ্গে সামাল দিতে ময়দানে এবার ‘অর্জুন বাহিনী’। মঙ্গলবার নবান্নের সভাঘর থেকে আনুষ্ঠানিকভাবে এই বিশেষ বাহিনীর উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
প্রাথমিক পর্যায়ে ২৫০ জন সদস্য নিয়ে এই বাহিনীর পথচলা শুরু হলেও আগামী দিনে এর পরিধি আরও সম্প্রসারিত করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। পাহাড় থেকে সাগর—পুরো রাজ্যজুড়েই অর্জুন বাহিনীর উপস্থিতি থাকবে। বিশেষ নজর রাখা হয়েছে দার্জিলিং পাহাড়ের ওপর, যেখানে ৫০ জনের একটি বিশেষ দল সার্বক্ষণিক মোতায়েন থাকবে। পাশাপাশি কলকাতা, দিঘা ও কাকদ্বীপে নিজস্ব উন্নত পরিকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে মানুষের জীবন ও সম্পত্তি রক্ষায় একসঙ্গে কাজ করবে বলে জানানো হয়।
এই প্রকল্পে সিভিল ডিফেন্সের প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীদের অগ্রাধিকার দিয়ে কাজে লাগানো হবে বলে জানান মুখ্যমন্ত্রী। আগামী জানুয়ারি মাসে আসবে ‘অগ্নিবীর’-দের প্রথম ব্যাচ। পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা দফতরে অগ্নিবীর, অর্জুন বাহিনী এবং অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের জন্য ২০ শতাংশ আসন সংরক্ষিত থাকবে।
বাহিনীতে সাধারণ কর্মীদের নাম দেওয়া হয়েছে ‘বীর’ এবং দলের নেতৃত্ব প্রদানকারীদের ‘বীরনায়ক’। বীরদের জন্য মাসিক ২৫ হাজার টাকা এবং বীরনায়কদের জন্য ৪০ হাজার টাকা বেতন নির্ধারণ করা হয়েছে। প্রতি বছর ৩ শতাংশ হারে বেতন বৃদ্ধি পাবে। স্বাস্থ্য সুরক্ষায় কর্মীদের জন্য থাকছে গ্রুপ বিমা—কাজে প্রাণহানি বা গুরুতর জখমের ক্ষেত্রে ১০ লক্ষ টাকা এবং স্থায়ী অক্ষমতায় ৫ লক্ষ টাকার বিমা কভারেজ প্রদান করা হবে।