
কলকাতা:ভাতা আরও বাড়াল রাজ্য সরকার। ক্ষমতায় আসার আগেই বিজেপি সরকার প্রতিশ্রুতি দিয়েছিল কয়েকটি বিভাগে ভাতা বাড়ানো হবে। ইতিমধ্যেই অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওয়া শুরু হয়েছে। আর এবার বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা বাড়াল রাজ্য। ১ সেপ্টেম্বর থেকেই ঢুকবে বর্ধিত ভাতা।
সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। সেখানেই তিনি গোটা বিষয়টি জানিয়েছেন। এবার থেকে ১০০০ টাকার পরিবর্তে ১৫০০ টাকা করে দেওয়া হবে এই ভাতা। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT)-এর মাধ্যমে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বর্ধিত ভাতা ঢুকবে বলে জানিয়েছেন শুভেন্দু।
নিজের সোশ্যাল মিডিয়ায় হ্যান্ডেলে তিনি লেখেন, ” জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি (NSAP) এবং রাজ্য সরকারের সামাজিক কল্যাণ পেনশন প্রকল্পসমূহের আওতাভুক্ত উপভোক্তাদের মাসিক আর্থিক সহায়তা ১,০০০ টাকা থেকে বৃদ্ধি করে ১,৫০০ টাকা করার নির্দেশ জারি করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে রাজ্যের প্রবীণ নাগরিক, বিধবা ও দিব্যাঙ্গ জনেরা আরও শক্তিশালী সামাজিক সুরক্ষার আওতায় আসবেন এবং তাঁদের জীবনযাত্রা আরও স্বস্তিদায়ক হবে।”
এ দিকে, মাসে-মাসে সরকারি প্রতিশ্রুতি মতো অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে শুরু করেছেন মহিলারা। কিছু-কিছু ক্ষেত্রে সমস্যা হচ্ছে। অনেকের অ্যাকাউন্টে ঢোকেনি টাকা। তবে, সেই সমস্যা সমাধানেরও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। রবিবার সল্টলেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অস্থায়ী বাসভবনে বৈঠক করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার। বৈঠকে স্থির হয়েছে, অন্নপূর্ণা ভান্ডার নিয়ে মহিলাদের মধ্যে উদ্বেগজনক পরিস্থিতি বাংলার কোথাও কোথাও তৈরি হয়েছে, তা নিরসন করার দায়িত্ব নিতে হবে এলাকার কর্মীদের, নেতাদের। তাঁদের গিয়ে বোঝাতে হবে, বহু ক্ষেত্রে অন্নপূর্ণা ভান্ডারের কাজ এখনও চলছে। বেশ কিছু পদ্ধতিগত সমস্যা রয়েছে। তা মিটে গেলেই অন্নপূর্ণা ভান্ডারের টাকা সংশ্লিষ্ট উপভোক্তার অ্যাকাউন্টে ঢুকে যাবে। এই সবের মধ্যেই এবার আরও তিনটি বিভাগে ভাতার কথা ঘোষণা করলেন শুভেন্দু।