CM Suvendu Adhikari: উচ্ছেদ হওয়া হকারদের নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর, কী বললেন?

CM Suvendu Adhikari on Hawker Eviction: রাস্তা দখল করে রাখা যে যাবে না, সেকথা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "আপনি নিউ মার্কেটের রাস্তাটাই দখল করে নেবেন, মোটরসাইকেলও যেতে পারবে না। রাজাবাজারটা বেহাত হয়ে যাবে, খিদিরপুর-মেটিয়াব্রুজে আপনি যা খুশি করবেন, এটার জন্য আমাকে মুখ্যমন্ত্রী করেননি জনগণ।"

CM Suvendu Adhikari: উচ্ছেদ হওয়া হকারদের নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর, কী বললেন?
বেআইনিভাবে বসা হকারদের উচ্ছেদ নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?Image Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Jun 12, 2026 | 9:42 PM

কলকাতা: কলকাতার বিভিন্ন প্রান্তে রাস্তা আটকে বেআইনিভাবে ব্যবসার অভিযোগ দীর্ঘদিনের। এই নিয়ে পথচারীরা বিভিন্ন সময় সরব হয়েছেন। কিন্তু, পদক্ষেপ করা হয়নি। বিজেপি ক্ষমতায় আসার পর বিভিন্ন জায়গায় বেআইনিভাবে জায়গা দখল করে যেসব হকার ব্যবসা করছেন, তাঁদের উচ্ছেদ করা হচ্ছে। উচ্ছেদ হওয়া হকারদের নিয়ে এবার বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট করে দিলেন, তাঁর সরকার মানবিক। উচ্ছেদ হওয়া হকারদের নিয়ে যে সরকারের ভাবনাচিন্তা রয়েছে, তা জানিয়ে দিলেন। একইসঙ্গে বুঝিয়ে দিলেন, বেআইনিভাবে জায়গা দখল করে রাখা যাবে না।

কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু?

বাংলায় বিজেপি ক্ষমতায় এসেছে মাস দেড়েকও হয়নি। তার মধ্যেই একাধিক সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নতুন সরকার কোন কোন বিষয়ে অগ্রাধিকার দেবে,  শুক্রবার নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে সাংবাদিক সম্মেলনে সেকথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই হকার উচ্ছেদের বিষয়টিও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। হকারদের পাশে যে সরকার আছে, সেকথা জানিয়ে তিনি বলেন, “আমরা মানবিক। প্রাথমিকভাবে আপনারা সরে যান। UDMA (আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স) দফতর আস্তে আস্তে আপনাদের জন্য সরকারি স্কিম নিয়ে আসবে। হকারদের জন্য ভারত সরকারের শ্রম দফতরের স্কিম রয়েছে। তার সুযোগ আপনারা পাবেন। এবং অন্যান্য সুযোগ পাবেন।” যেখানে অচল মার্কেট রয়েছে, যেখানে উদ্বৃত্ত জায়গা রয়েছে, সেখানে যে হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করা হতে পারে, সেই বার্তাও এদিন দিলেন মুখ্যমন্ত্রী।

তবে রাস্তা দখল করে রাখা যে যাবে না, সেকথা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আপনি নিউ মার্কেটের রাস্তাটাই দখল করে নেবেন, মোটরসাইকেলও যেতে পারবে না। রাজাবাজারটা বেহাত হয়ে যাবে, খিদিরপুর-মেটিয়াব্রুজে আপনি যা খুশি করবেন, এটার জন্য আমাকে মুখ্যমন্ত্রী করেননি জনগণ।”

Follow Us