
কলকাতা: এনসিপিআই-তে মিশে যাওয়ার পর এবার সুদীপ বন্দ্যোপাধ্য়ায়দের (Sudip Banerjee) বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা বাড়ছে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গেও বৈঠক সেরে ফেলেছেন তিনি। সুদীপদের রাজনৈতিক ভবিষ্যৎ যখন চর্চায়, তারই মধ্য়ে সুদীপের নামে পড়ল পোস্টার। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের (Sudip Banerjee) ছবি দিয়ে ‘চোর’, ‘বেইমান’ বলে পোস্টার পড়েছে। আর তাৎপর্যপূর্ণভাবে সেই পোস্টারের তলায় লেখা আছে তাপস রায় ও কুণাল ঘোষের নাম।
মঙ্গলবার সকাল থেকে উত্তর কলকাতার লেবুতলা এলাকায় একাধিক জায়গায় এই পোস্টার দেখা গিয়েছে। তালতলা বাস স্টপ, বঙ্গবাসী কলেজ, এজেসি বোস কলেজ, ক্রিক রো সহ বেশ কয়েকটি জায়গায় একটি পোস্টার দেখা যায়। পোস্টারে উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে। তলায় লেখা, ‘বেইমান আর চোর টা, নয়না দিদির বরটা’। পোস্টারের তলায় লেখা, ‘প্রচারে: তাপস রায়, কুণাল ঘোষ।’
খুব স্বাভাবিকভাবেই ওই দুই নাম দেখলেই দুই বিধায়কের নামই মাথায় আসে। বেলেঘাটার তৃণমূল (কালীঘাটপন্থী) বিধায়ক কুণাল ঘোষ ও মানিকতলার বিধায়ক তথা রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়। সুদীপের সঙ্গে এই দুই নাম জুড়ে যাওয়ার যথেষ্ট কারণও আছে। তৃণমূলে থাকাকালীন তাপস রায়ের সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দ্বন্দ্ব সর্বজনবিদিত। পরে তাপস বিজেপিতে যোগ দেন। আর কুণাল ঘোষের সঙ্গে একই দলে থাকা সত্ত্বেও সুদীপের সঙ্গে দ্বন্দ্ব প্রকাশ্য়ে এসেছে। আর সুদীপ শিবির বদলের সিদ্ধান্ত নিতেই কুণাল ঘোষ চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন সুদীপকে। তবে পোস্টারে দুই বিধায়কের নাম নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে।
তবে কুণাল ঘোষ ও তাপস রায় দুজনেই পোস্টারের কথা অস্বীকার করেছেন। কুণাল ঘোষ বলেন, “আরও অনেক কুণাল ঘোষ আছে। ওই পোস্টারে যার নাম আছে, সে আমি নই। তবে আমি ওই পোস্টারের সঙ্গে একমত। পোস্টারে যে বেইমান লেখা হয়েছে, তার সঙ্গে আমি সহমত। অনেকেই সমহত হবেন।”
পোস্টারটি যে তাঁর দেওয়া নয়, সেই দাবি করেছেন তাপস রায়ও। শিল্পমন্ত্রী বলেন, “তাপস রায় নামের অনেক নেতা আছে। এই পোস্টারের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। তবে আমি উত্তর কলকাতায় থাকি, তাই জানি, স্বামী-স্ত্রী (সুদীপ-নয়না) দুজনের উপরই মানুষ খুব ক্ষুব্ধ।”