
কলকাতা: স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন বলছে, দেশ জুড়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১০ হাজারের বেশি মানুষ। এরই মধ্যে আতঙ্ক ছড়াল শহর কলকাতায়। বুধবার এক করোনা আক্রান্ত বৃদ্ধের মৃত্যু হয়েছে কলকাতার হাসপাতালে। গত কয়েক মাসে করোনার আক্রান্তের সংখ্যা সেভাবে বাড়েনি রাজ্যে। করোনায় মৃত্যুর খবরও সামনে আসেনি। তবে বুধবার এই মৃত্যুর ঘটনায় প্রশ্ন উঠছে স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে। তবে রাজ্য স্বাস্থ্য দফতর থেকে কোনও বুলেটিন নিয়মিত প্রকাশ না হওয়ায় সঠিক আক্রান্তের সংখ্যা জানা যাচ্ছে না।
ভাস্কর দাস নামে ৭৬ বছরের এক বৃদ্ধ গলা ব্যথার উপসর্গ নিয়ে তিন দিন আগে বাঘাযতীনের বেসরকারি হাসপাতালে ভর্তি হন। করোনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে। চিকিৎসা চলাকালীন বুধবার সকাল ১১টায় মৃত্যু হয় ওই বৃদ্ধের। মৃতের কোনও কো-মর্বিডিটি ছিল কি না, তা জানা যায়নি।
স্বাস্থ্য দফতর সূত্রে আগেই জানানো হয়েছে, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও তার হার খুবই কম। রোগীর ভর্তির হারও খুব কম রাজ্যে। বয়স্ক বা কো-মর্বিডিটি যাঁদের রয়েছে, তাঁরাই সাধারণত হাসপাতালে ভর্তি হচ্ছেন। তবে হাসপাতালগুলিতে আগাম সতর্কতা নেওয়া হয়েছে। করোনা চিকিৎসার বন্দোবস্ত রাখা হয়েছে বলে স্বাস্থ্যকর্তারা জানিয়েছেন। তবে রাজ্যে সংক্রমণের হারের উপর বিশেষ নজর রাখা হচ্ছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকালের বুলেটিন অনুযায়ী, ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১০ হাজার ১৫৮ জন। বুধবার করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৭ হাজার ৮৩০। অর্থাৎ একদিনে প্রায় ৩ হাজার বেড়েছে আক্রান্তের সংখ্যা। প্রায় সাত মাস পর দেশে ১০ হাজারের গণ্ডী পেরোল করোনা।