
কলকাতা: পুজোর আগে খাদ্যসুরক্ষা (Food Safety) দফতরের অভিযানে শহরের একের পর এক নামজাদা রেস্তোরাঁর ভয়ঙ্কর ছবি সামনে আসে। কোথাও ফ্রিজ থেকে উদ্ধার করা হয় ছত্রাক পড়া মাংস, কোথাও পচা ছানা দিয়ে তৈরি হচ্ছিল মিষ্টি। একের পর এক রেস্তোরাঁ, মিষ্টির দোকানের ঝাঁপ বন্ধ করে দেওয়া হয়েছিল ওই অভিযানে। এবার কোপ পড়ল হলদিরামের (Haldiram) রেস্তোরাঁয়।
মঙ্গলবার খাদ্যসুরক্ষা দফতরের আধিকারিকদের অভিযান চলল কৈখালির হলদিরাম ব্রাঞ্চে। কৈখালি আউটলেটে খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে দেখা গেল রান্নাঘরের অস্বাস্থ্যকর পরিস্থিতি। আধিকারিকদের অভিযোগ, যত্রতত্র পড়ে রয়েছে ময়লা, আরশোলা ঘুরে বেড়াচ্ছে রান্নাঘরে। এই অবস্থা দেখেই ব্যবস্থা নিয়েছে খাদ্য সুরক্ষা দফতর।
আপাতত দু’দিনের জন্য রেস্তোরাঁ বন্ধ করার নির্দেশ দিয়েছে খাদ্য সুরক্ষা দফতর। পেস্ট কন্ট্রোল করিয়ে রান্নাঘর পরিষ্কার করাতে বলা হয়েছে। তারপর পুনরায় তাঁরা গিয়ে রান্নাঘর দেখবেন। আধিকারিকরা সন্তুষ্ট হলে পুনরায় খোলার অনুমতি মিলতে পারে।
গত শনিবার সল্টলেক সিটি সেন্টারের একটি রেস্তোরাঁয় হানা দেন খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা। সেখান থেকেই মেয়াদোত্তীর্ণ পনির, বাসি মাংস পাওয়া গিয়েছে। খাদ্য সুরক্ষা দফতরের দাবি, আগেও ওই রেস্তরাঁর বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ উঠেছিল। সেইসময় মোটা টাকা জরিমানা করা হয়েছিল। এরপরও বাসি, পচা খাবার উদ্ধারে এবার রেস্তরাঁ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা।