
কলকাতা: দেশ জুড়ে তল্লাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) ও উত্তর প্রদেশ এটিএসের। রোহিঙ্গা (Rohingya) ও বাংলাদেশিদের (Bangladeshi) অবৈধভাবে আশ্রয় দেওয়া, তাঁদের নথি তৈরি করে দেওয়ার নেটওয়ার্ক চালানোর মতো অভিযোগে তল্লাশি চালানো হচ্ছে। দেশের মোট ১৩ জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি। এ রাজ্যের একাধিক জায়গাতেও তল্লাশি চালানো হচ্ছে।
বৃহস্পতিবার সকাল থেকে দেশের ৫ রাজ্যের ১৩ জায়গায় তল্লাশি শুরু হয়েছে। ২০২৩ সালে উত্তর প্রদেশে একটি মামলা রুজু হয়েছিল। লখনউতে ৭৪ জন রোহিঙ্গা ও বাংলাদেশিকে আটক করা হয়েছিল সেই সময়। অভিযোগ ওঠে, বেশ কয়েকটি মাদ্রাসা ও স্বেচ্ছাসেবী সংস্থা তাদের আশ্রয় দেয় ও নথি বানিয়ে দেয়। পরে উত্তর ও পশ্চিম ভারতে তাদের থাকার ব্যবস্থা করে দেওয়া হয় বলে অভিযোগ।
আরও অভিযোগ উঠেছে যে ওই সব মাদ্রাসায় কোটি কোটি টাকা আসে বিদেশ থেকে। ২০২৪-এ এই মামলায় ইডি তদন্তভার নেয়। সেই মামলাতেই এদিন দেশ জুড়ে একযোগে তল্লাশি চালানো হচ্ছে।
উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় তিন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। কেন্দ্রীয় বাহিনী নিয়ে মাদ্রাসায় তল্লাশি চালানো হচ্ছে।