
কলকাতা: গ্রেফতার ফলতার ‘পুষ্পা’ অর্থাৎ জাহাঙ্গির খান! নেপাল সীমান্ত থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে। নেপাল বাংলাদেশ সীমান্ত থেকে বিদেশে পালানোর ছক কষেছিল জাহাঙ্গির। রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স তাকে গ্রেফতার করেছে। ফলতায় দীর্ঘদিন ধরেই জাহাঙ্গিরের স্বেচ্ছাচারে অতিষ্ঠ ছিলেন ফলতাবাসী। লুঠ, তোলাবাজি-সহ একাধিক অভিযোগ ছিল। নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই ঘরছাড়া ছিল জাহাঙ্গির। তার খোঁজে তল্লাশি চলছিল। এবার STF এর জালে।
জাহাঙ্গির খান
নির্বাচনের আগে SIRএর সময় থেকেই জাহাঙ্গির খানের বিরুদ্ধে বিস্তর অভিযোগ। বিএলও-র ওপর প্রভাব খাটিয়ে মৃতদের নাম তালিকায় তোলানোর অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। খোদ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য তাঁর বিরুদ্ধে সরব হয়েছিলেন। এরপর নির্বাচনের আগে এলাকায় ভীতি প্রদর্শনের অভিযোগ ওঠে। উত্তরপ্রদেশের এনকাউন্টার স্পেশ্যালিস্ট দুঁদে পুলিশ কর্তার অজয় পাল শর্মাকে বিশেষ পর্যবেক্ষক করে কমিশন পাঠায়।
অজয় পাল শর্মা নিজে গিয়ে জাহাঙ্গিরের বাড়ির সামনে রীতিমতো শাসিয়ে আসেন। তার পাল্টা বলতে গিয়েই নিজেকে ‘পুষ্পা’ বলে অ্যাখ্যায়িত করেছিলেন জাহাঙ্গির খান। ফলতার নির্বাচনে একাধিক অভিযোগ ওঠে। EVM-এ একাধিক সেলোটেপ লাগিয়ে দেওয়ারও অভিযোগ ছিল। পুনর্নির্বাচনের ঘোষণা করে কমিশন। সে নির্বাচনে ৪ মে ভোটের ফলাফল ঘোষণার পর ২১ মে হয়। ততদিন জাহাঙ্গির রীতিমতো ‘শুকিয়ে’ গিয়েছিলেন। ভোটের ঠিক দুদিন আগে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে সরে এসেছিলেন। তারপর থেকেই ছিলেন বেপাত্তা। আদালতে অবশ্য রক্ষাকবচ চেয়েছিলেন, সেই রক্ষাকবচ আবার প্রত্যাহার চেয়ে আবেদন করে রাজ্যও। এত জলঘোলার পর বিদেশে পালানোর ছক ছিল জাহাঙ্গিরের । সেই ছকও ব্যর্থ।