
কলকাতা: স্বচ্ছ কবচ কর্মসূচির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপস্থিত পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, উপস্থিত পুর কমিশনার সহ প্রশাসনের একঝাঁক কর্তারা। গোটা রাজ্যকে পরিষ্কার রাখতে যে নতুন সরকার আগেই একাধিক কর্মসূচি নিয়েছে তা জানিয়েছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বুধবার উত্তীর্ণ মঞ্চে নির্মল বন্ধুদের সম্মাননা প্রদান কর্মসূচি থেকে তিনি ফের একবার স্পষ্ট জানিয়ে দেন, প্রকাশ্যে প্রস্রাব করলে, থুথু ফেললেই ২০০ টাকা জরিমানা। আগামী ১ সেপ্টেম্বর কার্যকরী হতে চলেছে জরিমানা।
অন্যদিকে এদিন কলকাতার পরিবেশ নিয়েও রীতিমতো উদ্বেগের সুর শোনা যায় মুখ্যমমন্ত্রীর গলায়। বলেন, “শুধুমাত্র ফ্লাইওভার, রোড ওভার ব্রিজ, সুন্দর সুন্দর নানা হল, অডিটোরিয়াম এগুলোর যেমন প্রয়োজন রয়েছে তেমনই স্বচ্ছতার প্রয়োজনও রয়েছে। পরিশ্রুত পানীয় জল, অরণ্য সৃষ্টির মধ্যে দিয়ে সবুজায়ন এবং পরিবেশবান্ধব পরিবেশ তৈরির বহুমুখী লক্ষ্যমাত্রা নিয়ে যদি আমরা এগোতে না পারি তাহলে আগামী দিনে সমাজের কাছে আমরা নিজেদের অপরাধী হিসাবে উপস্থাপিত করব।”
এখানেই না থেমে শুভেন্দু আরও বলেন, “কলকাতায় যেভাবে পরিবেশ তৈরি হয়েছে, যেভাবে বৃক্ষ ছেদন হয়েছে, যেভাবে গাছ কেটে কংক্রিটের জঙ্গল তৈরি করা হয়েছে, তাতে দূষণের সবথেকে বেশি প্রভাব শিশু, কিশোর বয়স্কদের উপর পড়ছে।” অন্যদিকে সাফাই কর্মীদের সুরক্ষার ক্ষেত্রেও বিশেষ জোর দেওয়া হচ্ছে সরকারের তরফে। নগরকে স্বচ্ছ, পরিচ্ছন্ন রাখতে সাফাইয়ের সঙ্গে যুক্ত কর্মী, নির্মল বন্ধুদের পরিশ্রম এবং আত্মনিবেদনকে ধন্যবাদ জানিয়েছে রাজ্য সরকার। তাঁদের নিরাপত্তা এবং সুস্বাস্থ্যের প্রতি যত্নবান হয়ে কাজ করবে সরকার। প্রতি তিন মাস অন্তর তাঁদের স্বাস্থ্য পরীক্ষার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি ৫০ হাজার সাফাই কর্মীর হাতে দেওয়া হচ্ছে স্বচ্ছ কিট। এদিন সেই ঘোষণাও করা হয়। এই কিট আগামীতে শহর পরিষ্কার রাখতে সাফাই কর্মীদের জন্য বিশেষ উপকারে আসবে বলেই মত প্রশাসনের।