
কলকাতা: অফিস ফিরতি সময়ে মেট্রোয় চরম দুর্ভোগ। আগুন আতঙ্ক বেলগাছিয়া মেট্রো স্টেশনে। মেট্রোর রেক থেকে গলগল করে ধোঁয়া বের হতে শুরু করে। দ্রুত খালি করানো হয় কামরা। যাত্রীদের বের করে আনা হয় নিরাপদভাবে।
কলকাতা মেট্রো সূত্রে জানা গিয়েছে, ব্লু লাইনে অর্থাৎ শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর আপ লাইনে মেট্রো থেকে গলগল করে ধোঁয়া বের হতে দেখা যায়। মেট্রোটি বেলগাছিয়া স্টেশনে পৌঁছতেই দেখা যায় যে একটি কামরা থেকে সাদা ধোঁয়া বের হচ্ছে। নিমেষে গোটা বগি ধোঁয়ায় ভরে যায়। চরম আতঙ্কিত হয়ে পড়েন মেট্রোর যাত্রীরা। কোনওমতে তারা মেট্রোর দরজা ঢুকে হুড়মুড়িয়ে স্টেশনে নেমে পড়েন।
প্রাথমিকভাবে অনুমান, কোনওভাবে শর্ট সার্কিট থেকেই হয়তো আগুন লেগেছে। তার জেরেই প্রচুর ধোঁয়া বের হতে থাকে। এই ঘটনার জেরে সাময়িকভাবে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো পরিষেবা ব্যাহত হয়। বর্তমানে ধীরে ধীরে মেট্রো পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। কী কারণে ধোঁয়া বের হল, তা খতিয়ে দেখা হচ্ছে। রেকটিকে নিরাপদে কারশেডে নিয়ে যাওয়া হয়েছে।