
বিধাননগর: রাজ্যে পালাবদল হতেই তৃণমূল নেতাদের একের পর এক ‘কীর্তি’ সামনে আসছে। কারও পাটখেত থেকে বস্তা বস্তা টাকা উদ্ধার হয়েছে। কোথাও তৃণমূলের কার্যালয় থেকে সরকারি ত্রিপল পাওয়া যাচ্ছে। তোলাবাজির অভিযোগেও গ্রেফতার হয়েছেন অনেকে। এবার বলপূর্বক জমি দখল ও জমির মালিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে বিধাননগর পৌরনিগমের এক প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম আজিজুল হোসেন মণ্ডল ওরফে কালো।
আজিজুল হোসেন মণ্ডল বিধাননগর পৌরনিগমের ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। আবার ওই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মমতা মণ্ডলের ভাসুর তিনি। সামসুন আরা মণ্ডল নামে আটঘরা পূর্ব পাড়ার এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে আজিজুলকে গ্রেফতার করেছে বাগুইহাটি থানার পুলিশ।
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে কী অভিযোগ?
সামসুন আরা মণ্ডলের অভিযোগ, আজিজুল হোসেন মণ্ডল এবং নাসির মণ্ডল তাঁকে এবং তাঁর পরিবারকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে ক্রমাগত হেনস্থা করেছেন। কেন তাঁকে ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি দিতে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর? সামসুনের অভিযোগ, তাঁর নিজস্ব জমি দখল করে বাংলাদেশিদের বসিয়ে রেখেছেন আজিজুল। একাধিকবার জমি চেয়ে আজিজুল হোসেন মণ্ডলের কাছে যান তিনি। তখন তাঁকে এবং তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এবং হেনস্থা করা হয় বলে অভিযোগ। ২০১৮ সাল থেকে থানা এবং প্রশাসনিক দফতরে অভিযোগ জানিয়েও কোনও ধরনের সুরাহা হয়নি।
রাজ্যে পালাবদলের পর সাহস পান সামসুন। গতকাল বাগুইআটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার পরই বাগুইআটি থানার পুলিশ গ্রেফতার করে আজিজুলকে। আগামিকাল (সোমবার) তাঁকে বারাসত আদালতে পেশ করা হবে। সামসুন এখন তাঁর নিজের জমি ফেরত পাওয়া নিয়ে আশাবাদী বলে জানিয়েছেন।