Digital arrest: ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে বিধাননগরের অবসরপ্রাপ্ত বিজ্ঞানী, খোয়ালেন কোটি টাকা, ধৃত ৩

Digital arrest scam Kolkata: পরে আর এক ব্যক্তি নিজেকে সুপ্রিম কোর্টের এক আইপিএস আধিকারিক পরিচয় দিয়ে একটি নির্দিষ্ট মামলা নম্বর উল্লেখ করে বিজ্ঞানীর সঙ্গে যোগাযোগ করে। অভিযুক্তদের কথায় বিশ্বাস করে অবসরপ্রাপ্ত ওই বিজ্ঞানী তাঁর পরিচয়পত্র, ছবি, স্বাক্ষর-সহ একাধিক ব্যক্তিগত নথি তাদের হাতে তুলে দেন।

Digital arrest: ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে বিধাননগরের অবসরপ্রাপ্ত বিজ্ঞানী, খোয়ালেন কোটি টাকা, ধৃত ৩
গ্রেফতার করা হয়েছে ৩ জনকেImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Aug 01, 2026 | 9:43 PM

কলকাতা: ‘ডিজিটাল অ্যারেস্ট’-র নামে এক অবসরপ্রাপ্ত বিজ্ঞানীর কাছ থেকে ১ কোটি ৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। তিন অভিযুক্তকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃতদের নাম বিকু কুমার, দুরন্ত পাত্র এবং মহম্মদ জাবেদ। শনিবার তাদের বিধাননগর আদালতে তোলা হলে আদালত ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের ১৫ জানুয়ারি বিধাননগরের অবসরপ্রাপ্ত এক বিজ্ঞানীর কাছে একটি ফোন আসে। ফোনের অপর প্রান্ত থেকে নিজেকে বেঙ্গালুরু পুলিশের এক আধিকারিক পরিচয় দিয়ে জানানো হয়, মানব পাচার সংক্রান্ত একটি মামলায় তাঁর আধার কার্ড, মোবাইল নম্বর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে।

এরপর অভিযুক্তরা বিজ্ঞানীকে একটি অ্যাপের মাধ্যমে টানা তিন-চার দিন যোগাযোগে রাখে। তাঁকে বলা হয়, তাঁর প্যান কার্ডের তথ্য এবং মোবাইল নম্বরের সঙ্গে অসঙ্গতি রয়েছে। একইসঙ্গে দাবি করা হয়, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্লক ও বাজেয়াপ্ত করা হয়েছে। এবং তদন্তে সহযোগিতা না করলে তিনি আইনি জটিলতায় পড়তে পারেন।

পরে আর এক ব্যক্তি নিজেকে সুপ্রিম কোর্টের এক আইপিএস আধিকারিক পরিচয় দিয়ে একটি নির্দিষ্ট মামলা নম্বর উল্লেখ করে বিজ্ঞানীর সঙ্গে যোগাযোগ করে। অভিযুক্তদের কথায় বিশ্বাস করে অবসরপ্রাপ্ত ওই বিজ্ঞানী তাঁর পরিচয়পত্র, ছবি, স্বাক্ষর-সহ একাধিক ব্যক্তিগত নথি তাদের হাতে তুলে দেন। পাশাপাশি, আয়কর বিভাগ ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র যাচাইয়ের কথা বলে তাঁকে আরটিজিএস (RTGS)-র মাধ্যমে ১ কোটি ৪ লক্ষ টাকা একটি নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাতে বাধ্য করা হয়।

পরে টাকা ফেরতের জন্য যোগাযোগ করলে প্রতারকরা আরও অর্থ দাবি করে। তখনই তিনি বুঝতে পারেন, সাইবার প্রতারণার শিকার হয়েছেন। এরপর বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বেহালা এলাকা থেকে তিন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, এই প্রতারণা চক্রের সঙ্গে আরও কারা জড়িত এবং প্রতারিত অর্থ কোথায় স্থানান্তর করা হয়েছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us