Harassment: বালুরঘাট এক্সপ্রেসে হেনস্থার অভিযোগে প্রৌঢ়কে তরুণীর থাপ্পড়! ভিডিয়ো ঘিরে উত্তাল রাজনীতি

Harassment: শুভেন্দু অধিকারীর এই পোস্ট ঘিরে বিতর্ক তুঙ্গে ওঠে। ওই তরুণীর আদৌ আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত ছিল কিনা, তা নিয়ে প্রশ্ন তোলেন আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি। ওই তরুণীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে, তখন বিজেপির তরফে সামনে আনা হয় আরও একটি ভিডিয়ো।

Harassment: বালুরঘাট এক্সপ্রেসে হেনস্থার অভিযোগে প্রৌঢ়কে তরুণীর থাপ্পড়! ভিডিয়ো ঘিরে উত্তাল রাজনীতি
এই ভিডিয়ো ঘিরেই বিতর্কImage Credit source: Facebook

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 07, 2025 | 10:56 PM

কলকাতা: বালুরঘাট ট্রেনে এক তরুণীর হেনস্থার  অভিযোগ ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের সামাজিক মাধ্যমে একটি ভিডিয়ো শেয়ার করেন। তাতে দেখা যাচ্ছে, এক তরুণী এক প্রৌঢ়কে থাপ্পড় মারছেন। ভিডিয়োতে তরুণীকে বলতে শোনা যাচ্ছে, ওই প্রৌঢ় আধ ঘণ্টা ধরে তাঁর ভিডিয়ো তুলছিলেন। শুভেন্দু অধিকারীর এই পোস্ট ঘিরে বিতর্ক তুঙ্গে ওঠে। ওই তরুণীর আদৌ আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত ছিল কিনা, তা নিয়ে প্রশ্ন তোলেন আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি। ওই তরুণীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে, তখন বিজেপির তরফে সামনে আনা হয় আরও একটি ভিডিয়ো। যেখানে দেখা যায়, ওই প্রৌঢ় সত্যিই তরুণীর ভিডিয়ো করছিলেন। আর তা নিয়েই এখন সামাজিক মাধ্যমে চর্চা তুঙ্গে। বিজেপি-তৃণমূল-এমনকি অরাজনৈতিক ব্যক্তিত্বরাই ওই ভিডিয়ো পোস্ট করে তরুণীর পাশে দাঁড়াচ্ছেন।

বিজেপি সূত্রে খবর, নবদ্বীপ থেকে বালুরঘাটগামী বালুরঘাট এক্সপ্রেসের এই ঘটনায় ইতিমধ্যেই স্বতঃপ্রণোদিতভাবে পদক্ষেপ করেছে জাতীয় মহিলা কমিশন। কমিশন দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপারকে ৭২ ঘণ্টার মধ্যে ‘Action Taken Report’ পাঠানোর নির্দেশ দিয়েছে।  কমিশনের নির্দেশ নির্ধারিত সময়ের মধ্যে পুলিশ রিপোর্ট না পাঠালে সমস্ত পক্ষকে ব্যক্তিগতভাবে হাজির হয়ে তদন্তের মুখোমুখি হতে হবে।


এদিকে, চলন্ত ট্রেনে তরুণীর হাতে ‘মার’ খাওয়া ওই প্রৌঢ়ের পাশে দাঁড়িয়েছেন ফারাক্কার বিধায়ক মফিকুল ইসলাম। তিনি ওই প্রৌঢ়কে সঙ্গে নিয়ে জিআরপি কাছে অভিযোগ জানাতে যান। আর সেক্ষেত্রে ওই প্রৌঢ়ের বক্তব্য ছিল, তিনি স্মার্টফোন ব্যবহার করতে পারেন না। তাই ভুলবশত হয়ে গিয়েছে।

এরইমধ্যে এই বিষয়টি নিয়ে মুখ খোলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। তিনি সওয়াল করেন, ওই তরুণী কেন তৎক্ষণাৎ প্রশাসনের দ্বারস্থ হলেন না, আইন নিজের হাতে তুলে নিলেন?

এই বিতর্কের মাঝে সামাজিক মাধ্যমে বিজেপির তরফে পোস্ট করা দ্বিতীয় ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে, ওই প্রৌঢ় সত্যিই তরুণীর ভিডিয়ো করছিলেন। আর সেই ভিডিয়ো দিলীপ ঘোষ-সহ একাধিক বিজেপি নেতা নিজেদের সামাজিক মাধ্যমে শেয়ার করতে থাকেন।

উল্কা গতিতে শেয়ার হতে থাকে সেই ভিডিয়ো। সামাজিক মাধ্যমে শেয়ার করতে দেখা যায় একাধিক চাকরিজীবী মহিলাকেও। নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করে তরুণীকে সমর্থন করেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যও।

 

Follow Us