
কলকাতা: বিশ্ব জুড়ে চলছে ব্রেস্ট ফিডিং সপ্তাহ। আজ, বুধবার রাজ্যে ব্রেস্ট ফিডিং কর্মসূচির আয়োজনও করা হয়। তারপরই গুরুত্বপূর্ণ বার্তা দিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। সংগঠিত ক্ষেত্রের পাশাপাশি অসংগঠিত ক্ষেত্রেও যাতে মাতৃত্বকালীন ছুটি (মেটারনিটি লিভ) (Maternity Leave) দেওয়া হয়, সেই বিষয়েই সওয়াল করেছেন শারদ্বত।
শিশুর জন্মের পরই মায়ের দুধ দেওয়া উচিৎ, তা এদিন বুঝিয়ে দেন স্বাস্থ্যমন্ত্রী (Health Minister)। পেশায় চিকিৎসক শারদ্বত মুখোপাধ্যায় এদিন বলেন, “শিশুর জন্মের পর প্রথম ঘণ্টায় দুধ খাওয়ান। প্রথম দুধ কখনও ফেলে দেবেন না। টিকাকরণের প্রথম পদক্ষেপ এই বুকের দুধ। এতেই শিশুর রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে।” এই বিষয়ে প্রত্যেকের সচেতন হওয়া উচিৎ বলে উল্লেখ করেন তিনি।
এই প্রসঙ্গেই স্বাস্থ্যমন্ত্রী এদিন বিধানসভার অন্দরে বলেন, “আমরা কখনও ভেবেছি যে কাজের মেয়েটা কতদিন মাতৃত্বের জন্য ছুটি পায়? সে যদি ৬-৮ ঘণ্টা কাজে থাকে, তাহলে কখন ব্রেস্ট ফিডিং হবে?” দিনমজুরির কাজ করা মহিলাদের ক্ষেত্রেও একই সমস্যা থাকে। মন্ত্রী উল্লেখ করেন, সব ক্ষেত্রেই এখন মহিলারা কাজ করেন। তাই তিনি চান, অসংগঠিত ক্ষেত্রে কাজ করা সবার জন্য সবেতন মেটারনিটি লিভের ব্যবস্থা থাকুক। তাদের জন্য শ্রম দফতরের কাছে আবেদনও জানান শারদ্বত। স্বাস্থ্য দফতরের তরফেও এই উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
একই সঙ্গে হাসপাতালগুলিতে ব্রেস্ট ফিডিং কর্নার রাখার কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। চিকিৎসক ও নার্সদের এই বিষয়ে সচেতন করতে হবে বলে উল্লেখ করেন তিনি।