Indian Railway: সামনের মাসেই নতুন প্ল্যাটফর্ম, বাড়ছে ট্রেনের সংখ্যাও! হাওড়া লাইনের নিত্যযাত্রীদের জন্য বড় খবর

Howrah Division Train: ১৬ নম্বর প্ল্যাটফর্মের কাজ চলছে। যদিও তা চালু করতে সময় লাগবে বলেও জানিয়েছেন হাওড়া ডিভিশনের কর্তারা। এছাড়া, হাওড়া স্টেশনে বসানো হচ্ছে নতুন Route Relay Interlocking (RRI) ব্যবস্থা, যা ট্রেন চলাচলকে আরও নিরাপদ ও কার্যকর করবে।

Indian Railway: সামনের মাসেই নতুন প্ল্যাটফর্ম, বাড়ছে ট্রেনের সংখ্যাও! হাওড়া লাইনের নিত্যযাত্রীদের জন্য বড় খবর
ফাইল ছবিImage Credit source: Tv9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 04, 2026 | 12:23 PM

হাওড়া: হাওড়া ডিভিশনে নতুন ট্রেনের সংখ্যা বাড়ছে। ট্রেনের গতি আর সময়কে গুরুত্ব দিতে জুলাই মাসের মধ্যে নয়া প্ল্যাটফর্ম উদ্বোধন।রেলের তরফে জানানো হয়েছে, ট্রেন বাড়ছে। আসছে নতুন বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসও। যেকারণে হাওড়া স্টেশন ও হাওড়া ডিভিশনের রেল পরিকাঠামোয় একাধিক বড় উন্নয়নের ঘোষণা করল পূর্ব রেল।

প্ল্যাটফর্ম সম্প্রসারিত এবং চওড়া করার পাশাপাশি নতুন প্ল্যাটফর্ম চালুর সিদ্ধান্ত হাওড়া ডিভিশনের। হাওড়া ডিভিশনে দেরিতে চলার ট্রেনের যে রোগ, তা কিছুটা নিরাময় করতেই নয়া প্ল্যাটফর্ম ঘোষণা। শুক্রবার পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম বিশাল কাপুর সাংবাদিক বৈঠকে বলেন, হাওড়া স্টেশনে চালু হচ্ছে নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্ম।

৬৩৫ মিটার দীর্ঘ এই প্ল্যাটফর্মটি ২.৬৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এবং জুলাই মাসেই চালু হতে চলেছে। হাওড়া ডিভিশন সূত্রে খবর, এখানেই শেষ নয়, দীর্ঘ দূরত্বের ট্রেন পরিচালনার সুবিধার্থে ১০-১১ এবং ১২-১৩ নম্বর প্ল্যাটফর্মের সম্প্রসারণের কাজ চলছে।

১৬ নম্বর প্ল্যাটফর্মের কাজ চলছে। যদিও তা চালু করতে সময় লাগবে বলেও জানিয়েছেন হাওড়া ডিভিশনের কর্তারা। এছাড়া, হাওড়া স্টেশনে বসানো হচ্ছে নতুন Route Relay Interlocking (RRI) ব্যবস্থা, যা ট্রেন চলাচলকে আরও নিরাপদ ও কার্যকর করবে।

হাওড়া ডিভিশনের ডিআরএম বিশাল কাপুর জানান, দক্ষিণ-পূর্ব রেল এবং পূর্ব রেলের লাইন এক জায়গায় এসে সংযোগ হচ্ছে। মূলত সেই জংশন পয়েন্টের জন্যই হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়তে এবং বের হতে দেরি হচ্ছে।

সেই অংশের পৃথকীকরণের কাজ চলছে। সেই কাজ শেষ হলে ট্রেনের এই দেরিতে চলার রোগ কার্যত নিরাময় হয়ে যাবে। এছাড়া এদিনের সাংবাদিক বৈঠকে, হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে ফুট ওভারব্রিজ নির্মাণের কাজ ব্যাখ্যা দেন তিনি।

তারকেশ্বর, লিলুয়া, আজিমগঞ্জ, ডানকুনি, রামপুরহাট ও কাটোয়ায় কাজ সম্পূর্ণ হয়েছে বা শেষ পর্যায়ে রয়েছে। যাত্রীদের সুবিধার্থে একাধিক স্টেশনে লিফট বসানো হচ্ছে। ইতিমধ্যেই ৮টি স্টেশনে ১৫টি লিফট চালু হয়েছে।

পরবর্তী পর্যায়ে হাওড়া, তারকেশ্বর, সাঁইথিয়া, বালি, রিষড়া, বেলুড়, শেওড়াফুলি, চন্দননগর, ব্যান্ডেল, লিলুয়া-সহ আরও বিভিন্ন স্টেশনে লিফট বসানো হবে। প্রায় ৭৯ কোটি টাকা ব্যয়ে ৯টি স্টেশনে এস্কেলেটর (চলমান সিঁড়ি) বসানো হচ্ছে। এর মধ্যে রয়েছে বালি, শেওড়াফুলি, চন্দননগর, বর্ধমান, বোলপুর, রামপুরহাট, অম্বিকা-কালনা, কাটোয়া ও আজিমগঞ্জ।

Follow Us