
কলকাতা: বদলের বাংলায় স্বাস্থ্য ক্ষেত্রেও একের পর এক অভিনব উদ্যোগ। এবার রাজ্যে চালু হচ্ছে প্রথম মোবাইল মেডিকেল ইউনিট। যার হাত ধরে একেবারে ঘরে বসেই মিলবে চিকিৎসা পরিষেবা। আবার দুয়ারে পৌঁছে যাবে মোবাইল ভ্যান। এদিন বিধানসভায় স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় বলেন, এবার জনগণের দোরগোরায় পৌঁছে যাবে প্রতিরোধমূলক চিকিৎসা ব্যবস্থা। চালু হচ্ছে ২১০টি মোবাইল মেডিকেল ইউনিট। শহুরে এলাকায় চলবে আরও ১০০টি মোবাইল মেডিকেল ইউনিট।
বিশেষত শহরের বস্তি অঞ্চলে, প্রান্তিক অঞ্চলে স্বাস্থ্য পরিষেবা দেবে এই ইউনিটগুলি। অর্থাৎ প্রয়োজেনের ভিত্তিতেই থাকছে অগ্রাধিকার। থাকছে আধুনিক মেশিন, আধুনিক চিকিৎসার ব্যবস্থা। একাধারে যেমন করা যাবে ইসিজি, ইউএসজি তেমনই থাকচে ইকোকার্ডিয়োগ্রাফি, হ্যান্ড হেল্ড এক্স রে-র সুবিধা। থাকছেন ডাক্তার, নার্স, টেকনিশিয়ানরা। পাশাপাশি ৩৫ রকমের পরীক্ষা হবে এই মোবাইল মেডিকেল ইউনিটগুলিতে।
শুধু তাই নয়, চালু হচ্ছে অ্যাপ ক্যাব অ্যাম্বুলেন্স। গোটা দেশের মধ্যে এটা প্রথমবার চালু হচ্ছে বাংলায়। ১ থেকে ২ কোটি বরাদ্দে এই পরিষেবা চালুর প্রস্তাব বিবেচনা করা হচ্ছে স্বাস্থ্য বিভাগের তরফে। জিপিএস ট্র্যাকিং থাকছে প্রতিটা অ্যাম্বুলেন্সে। দালালরাজ মুক্ত হবে। একইসঙ্গে প্রথমবারের জন্য চালু হচ্ছে ইন্ট্রিগ্রেটেড কন্ট্রোল রুম। বড় হাসপাতালগুলি ওয়েব কাস্টিংয়ের মাধ্যমে যুক্ত হচ্ছে। চলবে সর্বক্ষণের নজরদারি। পাশাপাশি জেলার সমস্ত সরকারি হাসপাতাল ও পরবর্তীতে ফেজ টুৃতে সমস্ত বেসরকারি হাসপাতালেও চলবে এই ওয়েব কাস্টিং। ফলে সর্বক্ষণের কাজকর্ম পুরোটাই নজরে থাকবে স্বাস্থ্য ভবনের। আরও স্বচ্ছ আরও পরিষেবার জন্য যা খুবই সহায়ক হবে বলে মত ওয়াকিবহাল মহলের।