
কলকাতা: আরজি কর কাণ্ড সংক্রান্ত মামলা থেকে সরে দাঁড়াল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। মঙ্গলবার মামলার শুনানি চলাকালীন এই তাৎপর্যপূর্ণ সিদ্ধান্তের কথা জানান বিচারপতি। এর ফলে মামলাটি পুনরায় প্রধান বিচারপতির কাছে ফেরত পাঠানো হয়েছে।
বিচারপতি রাজাশেখর মান্থার পর্যবেক্ষণ, রাজ্য সরকার এই ঘটনার তদন্তে একটি পৃথক জুডিশিয়াল কমিশন বা বিচারবিভাগীয় কমিশন গঠন করতে চলেছে বলে জানা যাচ্ছে। এই প্রেক্ষাপটে তাঁর ডিভিশন বেঞ্চে এই মুহূর্তে মামলাটি শোনার প্রয়োজনীয়তা নেই বলেই তিনি মনে করেন। বিচারপতি মান্থা মামলার গুরুত্ব পর্যবেক্ষণ, “এই মামলা শুধুমাত্র আবেদনকারীর জন্য গুরুত্বপূর্ণ নয়, বরং এই মামলার দিকে গোটা রাজ্য তথা দেশের মানুষ তাকিয়ে রয়েছেন।”
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম ক্যাবিনেট বৈঠকেই স্পষ্ট করে দিয়েছেন, পরের ক্যাবিনেট বৈঠকেই আরজি কর কাণ্ডের তদন্তের গতিপ্রকৃতি কোন দিকে যাবে, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। রাজ্য সরকারের পক্ষ থেকে কমিশন গঠনের ইঙ্গিত মেলায় আইনি প্রক্রিয়ায় নতুন মোড় এসেছে। তবে মামলার গুরুত্ব বিবেচনা করে বিচারপতি মান্থা নিজে থেকে সরে দাঁড়িয়ে ফাইলটি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দিয়েছেন। এখন প্রধান বিচারপতি করবেন এই মামলাটি অন্য কোন বেঞ্চে শুনানির জন্য পাঠানো হবে নাকি বৃহত্তর কোনও পদক্ষেপ নেওয়া হবে।