
কলকাতা: তুমুল বৃষ্টি ও সঙ্গে কালবৈশাখির (Kalbaisakhi) ঝড়। ভোটের দ্বিতীয় পর্বে আবহাওয়া (Weather) পাল্টে গেছে। ভোটের সরকার পাল্টাবে কি পাল্টাবে না তা জানা নেই। তবে আবহাওয়া বদলে গেছে। আর হাওয়া অফিস বলছে বাড়াবাড়ি গরমের আশঙ্কা আপাতত নেই। তবে আজও বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকছে বেশ কিছু জেলায়। আর উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে।
দক্ষিণবঙ্গের কোথায় কোথায় বৃষ্টি হবে?
বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা থাকবে পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। কালবৈশাখীর সতর্কতা ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি।
শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে। ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪পরগনা, পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর জেলায়। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো বাতাস ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
উত্তরবঙ্গের কোন-কোন জেলায় বৃষ্টি?
বৃহস্পতিবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি অর্থাৎ ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। ভারী বৃষ্টি অর্থাৎ ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে দার্জিলিং-কালিম্পং এবং কোচবিহারে। উত্তরবঙ্গের সব জেলাতেই ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা।
শুক্র এবং শনিবারেও ভারী বৃষ্টির আশঙ্কা থাকবে উপরের পাঁচ জেলায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার,কোচবিহার,জলপাইগুড়িতে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে।
রবিবারেও ঝড়-বৃষ্টির আশঙ্কা। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বিক্ষিপ্তভাবে সব জেলার দুই এক জায়গায়।
সকাল থেকে মেঘলা আকাশ কখনো আংশিক মেঘলা আকাশ। মেঘলা আকাশ ও দমকা বাতাসের কারণে অস্বস্তি কমবে।