
কলকাতা: একদফা বৃষ্টি আগেই হয়ে গিয়েছে। গত সপ্তাহ থেকে বৃষ্টি চলছে। সঙ্গে কালবৈশাখীর দাপট অব্যাহত। সপ্তাহের শেষে জোরাল কালবৈশাখীর সতর্কতা রয়েছে।
আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, শনিবার গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বজায় থাকবে কমলা সতর্কতা। ঘণ্টায় ৬০-৭০ কিমি বেগে বইতে পারে দমকা বাতাস।
কবে কোন-কোন জায়গায় বৃষ্টি?
আলিপুর আবহাওয়া অফিস বলছে, বৃহস্পতিবার কলকাতার আকাশ মূলত মেঘলাই থাকবে। আজ বিক্ষিপ্ত বৃষ্টি হলেও হতে পারে কিছু-কিছু জায়গায়। সঙ্গে বজ্রপাত ও ঝড়ের পূর্বাভাস রয়েছে। কলকাতায় ৫০-৬০ কিমি/ঘণ্টা বেগে হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার বৃষ্টি হবে, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম ও নদিয়ায়।
কাল অর্থাৎ শুক্রবার থেকে বদলে যাবে আবহাওয়ার পরিস্থিতি। ৫০ থেকে ষাট কিলোমিটার বেগে বইবে দমকা বাতাস। গোটা দক্ষিণ বঙ্গেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। যে যে জেলায় বৃষ্টি হবে তা হল- পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও বীরভূমে
এরপর শনিবার এই জেলাগুলিতে বৃষ্টি তো হবেই এর পাশাপাশি হুগলিতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গোটা দক্ষিণবঙ্গ জুড়ে শনিবার বৃষ্টি হবে। জারি হয়েছে কমলা সতর্কতা। হবে ঝড়। আর ঝড়ের সঙ্গে বইবে বজ্রপাত। তাই সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
এরপর রবিবার পুরো দক্ষিণবঙ্গের সব জেলায় তিরিশ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি হবে।
সোমবার থেকে পরিস্থিতি বদলাতে শুরু করবে। তবে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি হবে।
মঙ্গলবার বৃষ্টি হতে পারে, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে।
অপরদিকে, উত্তরবঙ্গেও লাগাতার বৃষ্টি চলবে। শনিবার ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইবে দমকা বাতাস। বৃষ্টি হবে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর আর মালদহে। অতিভারী বৃষ্টি হবে, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার
রবিবার গোটা উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বইতে পারে তিরিশ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাস।
এ দিকে, এই বৃষ্টির জেরে তাপমাত্রা প্রায় এক থেকে দু’ডিগ্রি কমে গিয়েছে বলে খবর।