
কলকাতা: লাগেজ তখন চলে গিয়েছে। হ্যান্ড ব্যাগ চেকিংয়ের প্রসেস। স্ক্যানারে ধরা পড়ে নোট বুক, মেক আপের জিনিস। এদিকে, ট্রলিব্যাগের স্ক্যাকিংয়ে ধরা পড়ে জুতোর প্যাকেট! তাতেই সন্দেহ হয়েছিল তদন্তকারীদের। বিমানবন্দরে তাঁদেরকে ডেকেই ব্যাগ খোলানো হয়। চলে তল্লাশি। উদ্ধার হয় প্রায় সাড়ে তিন কোটি টাকা! কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে এক বড়সড় চোরাচালান চক্রের পর্দাফাঁস করল ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (DRI)।
ব্যাংককগামী বেশ কয়েকজন যাত্রীর কাছ থেকে আনুমানিক ৩.৫ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখনও পর্যন্ত একটি আন্তর্জাতিক চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
গোপন সূত্রে খবর পেয়ে, গত ৬ নভেম্বর ভোরে কলকাতা বিমানবন্দরের টার্মিনালে অভিযান চালান ডিআরআই (DRI) আধিকারিকরা। ব্যাংককগামী একটি ফ্লাইটে ওঠার আগেই সন্দেহভাজন ৭ যাত্রীকে আটক করা হয়। এরপর তাদের ব্যক্তিগত তল্লাশি এবং হ্যান্ড ও চেক-ইন ব্যাগেজ পরীক্ষা করার পর উদ্ধার হয় বান্ডিল বান্ডিল ইউএস ডলার (USD) এবং ব্রিটিশ পাউন্ড (GBP)।
এই ৭ জনের কাছ থেকে উদ্ধার হওয়া বিদেশি মুদ্রার ভারতীয় আর্থিক মূল্য প্রায় ৩.১২ কোটি টাকা। তদন্তকারীরা জানিয়েছেন, বিদেশি মুদ্রা পাচারের জন্য এই চক্রটি অত্যন্ত চতুর ও আধুনিক কৌশল ব্যবহার করেছিল। নোটবইয়ের পাতা কেটে তৈরি করা গোপন খোপ, ট্রলি ব্যাগের দুই স্তরের লুকানো কম্পার্টমেন্ট এবং জুতো ও জামাকাপড়ের পকেটের ভেতরে অত্যন্ত সুনিপুণভাবে এই বিপুল পরিমাণ ক্যাশ লুকিয়ে রাখা হয়েছিল।
উদ্ধার হওয়া এই বিপুল অঙ্কের বিদেশি মুদ্রার স্বপক্ষে ধৃত যাত্রীরা কোনো বৈধ নথিপত্র বা মালিকানার প্রমাণ দেখাতে পারেননি। কাস্টমস অ্যাক্ট এবং ফেমা (FEMA) আইন লঙ্ঘনের অভিযোগে ওই ৭ চোরাকারবারীকে গ্রেফতার করা হয়েছে।
ডিআরআই সূত্রে আরও জানা গিয়েছে, ওই একই দিনে বিমানবন্দরে আরও কয়েকজন সন্দেহভাজন যাত্রীকে আটক করে তল্লাশি চালানো হয়। তাঁদের ব্যাগ থেকেও প্রায় ৩৯ লক্ষ টাকা মূল্যের বিদেশি মুদ্রা উদ্ধার হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপের জন্য ওই যাত্রীদের শুল্ক দফতরের (Customs) হাতে তুলে দেওয়া হয়েছে। সব মিলিয়ে উদ্ধার হওয়া বিদেশি মুদ্রার পরিমাণ দাঁড়িয়েছে সাড়ে তিন কোটি টাকারও বেশি।
দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার্থে এবং আন্তর্জাতিক এই ধরনের আর্থিক অপরাধমূলক সিন্ডিকেট বা চক্রগুলিকে সম্পূর্ণ গুঁড়িয়ে দিতে ডিআরআই তাদের গোয়েন্দা ভিত্তিক নজরদারি ও কঠোর অভিযান জারি রাখবে বলে দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে।