Kolkata Delimitation: জোকা থেকে সিঁথির মোড়, ‘ডিলিমিটেশনে’ গোটা কলকাতা ভাঙছে ২০০ ওয়ার্ডে

KMC Ward Delimitation: বর্তমানে কলকাতায় মোট ১৪৪টি ওয়ার্ড আছে। সেগুলি ভেঙে ২০০টি ওয়ার্ড তৈরি করা হচ্ছে। তার জন্য এলাকায় গিয়ে সমীক্ষা করা হবে বলে জানিয়েছেন পুর কমিশনার। সরকারি ভাবে জানিয়ে দেওয়া হল বিষয়টি। বিভিন্ন ওয়ার্ডে সমীক্ষা শুরু হচ্ছে শীঘ্রই।

Kolkata Delimitation: জোকা থেকে সিঁথির মোড়, ডিলিমিটেশনে গোটা কলকাতা ভাঙছে ২০০ ওয়ার্ডে
কলকাতার আসন পুনর্বিন্যাসImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 13, 2026 | 7:53 PM

কলকাতা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ঘোষণা অনুযায়ী, আগামী ডিসেম্বরেই পুরভোট হতে চলেছে। তার আগেই যে কলকাতা পুরনিগমের ওয়ার্ডের পুনর্বিন্যাস করা হবে বলেও জানিয়েছিলেন শুভেন্দু। এবার সেই ওয়ার্ড পুনর্বিন্যাসের কথা জানিয়ে দিলেন পুর কমিশনার স্মিতা পাণ্ডে। সেই প্রক্রিয়া যে শুরু হচ্ছে সে কথাও জানিয়ে দিয়েছেন তিনি।

পুরসভার কমিশনার জানিয়েছেন, আগামী ২৭ জুলাই ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে রিপোর্ট জমা করতে হবে। আগামী ৩১ জুলাইয়ের পর খসড়া প্রকাশ করা হবে। আর ডিসেম্বরে হবে কলকাতা পুরসভার নির্বাচন। তার আগেই সরকারিভাবে জানিয়ে দেওয়া হল কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বেড়ে ২০০ করা হচ্ছে।

কলকাতায় কোনও কোনও ওয়ার্ডে রয়েছেন ৬০-৮০ হাজার ভোটার। আবার কোনও কোনও ওয়ার্ডে রয়েছেন ১০ থেকে ১৫ হাজার ভোটার। এই ধরনের ওয়ার্ডগুলিকে নতুন করে সাজানো হবে বলে জানানো হয়েছে। জোকার কাছ থেকে সিঁথির মোড়, নিউ গড়িয়া মেট্রো স্টেশন থেকে উল্টোডাঙা ব্রিজ। কলকাতা পুরসভার ওয়ার্ডগুলি ভাঙা হচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশে।

মুখ্যমন্ত্রীর গদিতে বসার পর শুভেন্দু অধিকারী কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নিজের বড় সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। সেই মতো কাজ শুরু করল কলকাতা পুরসভা। আগামী ২৭ জুলাইয়ের মধ্যে সমীক্ষা রিপোর্ট জমা পড়বে কলকাতা পুরসভার সদর দফতরের কেন্দ্রীয় টিমের কাছে। সেই টিম এবং অডিট টিম মূলত ওয়ার্ডের বাউন্ডারি এবং বুথ খতিয়ে দেখবে। একই সঙ্গে খতিয়ে দেখা হবে ওয়ার্ডগুলির জনসংখ্যা। এরপর ৩১ শে জুলাই যাবতীয় রিপোর্ট খসড়া আকারে পুর ও নগরোন্নয়ন দফরের কাছে জমা পড়বে।

কারও কোন অভিযোগ থাকলে সেই খসড়া নিয়ে জানাতে পারবেন বলেও কমিশনার জানিয়েছেন।

Follow Us