
কলকাতা: কলকাতা আন্তর্জাতিক বইমেলার অ্যাডভাইজরি কমিটিতে বড়সড় রদবদল ঘটল। রাজ্য প্রশাসনে নতুন সরকার ক্ষমতায় আসার পর দীর্ঘদিনের পুরোনো কমিটিকে ভেঙে নতুন সদস্য এনে পুনর্গঠন করা হল এই অ্যাডভাইজরি কমিটি।
পূর্বে এই কমিটিতে শিল্পী শুভাপ্রসন্ন, যোগেন চৌধুরীর পাশাপাশি অরূপ বিশ্বাস ও ফিরহাদ (ববি) হাকিমের মতো প্রভাবশালী তৎকালীন মন্ত্রীরা ছিলেন। তবে বছরের পর বছর কেন একই ব্যক্তিরা কমিটিতে বহাল থাকবেন এবং পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের একচ্ছত্র ভূমিকা থাকবে, তা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন প্রকাশকদের একাংশ। সম্প্রতি মুখ্যমন্ত্রীর বিশেষ উপদেষ্টা সুব্রত গুপ্তের কাছে গিল্ডের কাজ ও আচরণ নিয়ে লিখিত অভিযোগও জমা পড়ে।
এই পরিস্থিতি সামাল দিতেই প্রশাসনিক পদক্ষেপে কমিটির পরিবর্তন আনা হল। তবে গিল্ড বইমেলা আয়োজনের মূল দায়িত্বে বহাল থাকছে, সঙ্গে তাদের সহায়তায় কাজ করবে নতুন এই অ্যাডভাইজরি কমিটি।
নতুন গঠিত অ্যাডভাইজরি কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে দেবজিৎ সরকার, দেবজ্যোতি দত্ত, বিনায়ক বন্দ্যোপাধ্যায়, তনুজা চক্রবর্তী এবং রামকৃষ্ণ মিশনের প্রতিনিধি স্বামী আর্যেশানন্দ ও স্বামী সারস্বতানন্দকে। নতুন এই কমিটি মেলার পরিচালনায় স্বচ্ছতা ও নতুন মাত্রা আনবে বলেই আশা করা হচ্ছে।