
কলকাতা: কোমরে ময়ূরের পালক গুঁজে স্কুবা ডাইভিংয়ের পোশাক পরে সমুদ্রের গহীণে ডুব দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্দেশ্য ছিল, জলের তলায় তলিয়ে যাওয়া দ্বারকা শহরের অবশেষের কাছাকাছি গিয়ে ভগবান কৃষ্ণের উপাসনা করা। দ্বারকা, হিন্দুদের জন্য একটি অত্যন্ত পবিত্র পৌরাণিক শহর। পৌরাণিক কাহিনি অনুসারে, এই শহরটি প্রতিষ্ঠা করেছিলেন শ্রীকৃষ্ণই। কাহিনি অনুসারে, কৃষ্ণ এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর দ্বারকাকে গ্রাস করেছিল সমুদ্র। এটা শুধু একটি পৌরাণিক কাহিনি নয়। বর্তমানে যেখানে দ্বারকা শহরটি দাঁড়িয়ে আছে, তার উপকূলীয় অঞ্চলে সমুদ্রের তলদেশে প্রাচীন সভ্যতার নিদর্শনও খুঁজে পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। পাওয়া গিয়েছে নৌকো বাঁধার আংটা। যা থেকে মনে করা হয়, কোনও এক সময় দ্বারকা ছিল ভারতের দ্বার, এক সমুদ্র বন্দর। সমুদ্রের নীচে প্রধানমন্ত্রীর সফরের পর, গুজরাট সরকার এখন ভাবছে সেখানে ডুবাজাহাজের মাধ্যমে পর্যটকদের নিয়ে যাওয়ার কথা। অদূর ভবিষ্যতে কি আমাদের শহর কলকাতারও একই পরিণতি হতে পারে? ডুবো জাহাজে করে দেখতে হবে ভিক্টোরিয়া মেমোরিয়াল, হাওড়া ব্রিজ কিংবা ফোর্ট উইলিয়াম? ...