
কলকাতা: যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় ৫১ শতাংশের বেশি বেড়ে গিয়েছে। অনেক দিন থেকেই তার গনগনে আঁচ টের পাচ্ছে সাধারণ মানুষও। বিশ্ববাজারে তেলের দাম এখন ব্যারেল প্রতি ১০০ ডলারের উপরে উঠে দাঁড়িয়ে রয়েছে। একদিকে যেমন আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আকাশছোঁয়া, অন্যদিকে মার্কিন ডলারের তুলনায় টাকার দরে লাগাতার পতনে চাপ ক্রমেই বেড়েছে। সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে দেশের অর্থনীতিতে, দেশের রাজকোষে। পরিস্থিতি সামাল দিতে সম্প্রতি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি ৩ টাকা করে বাড়িয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, আন্তর্জাতিক ক্ষেত্রে পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে আগামী দিনে জ্বালানির দাম আরও বাড়তে পারে।
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের (IOCL) সর্বশেষ তথ্য বলছে, গত ১৫ মে দাম পর পর পর দুই দিন তেলের দামে নতুন করে কোনও পরিবর্তন হয়নি। নয়া দিল্লিতে পেট্রোল প্রতি লিটার ৯৭.৭৭ টাকা এবং ডিজেল ৯০.৬৭ টাকায় বিক্রি হচ্ছে। কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটার ১০৮.৭৪ টাকা এবং ডিজেল ৯৫.১৩ টাকা। বাণিজ্য নগরী মুম্বাইতে পেট্রোল প্রতি লিটার ১০৬.৬৮ টাকা এবং ডিজেল ৯৩.১৪ টাকা। চেন্নাইয়ে পেট্রোল প্রতি লিটার ১০৩.৬৭ টাকা এবং ডিজেল ৯৫.২৫ টাকা।
ফেব্রুয়ারির শেষে ইরান-ইজরায়েল যুদ্ধের পর থেকে বিশ্ববাজারে তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। গত ২৭ ফেব্রুয়ারি উপসাগরীয় দেশগুলিতে অপরিশোধিত তেলের দাম ছিল ব্যারেল প্রতি ৭২.৪৮ ডলার। বর্তমানে তা প্রায় ৫১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০৯.২৬ ডলারে। অন্যদিকে তেলের দাম বাড়ার পাশাপাশি ডলারের তুলনায় ভারতীয় টাকার মূল্য ৫.১৯ শতাংশের বেশি কমে গিয়েছে। গত ২৭ ফেব্রুয়ারি ভারতে যেখানে ১ ডলারের মূল্য ছিল ৯১.০৮ টাকা, তা গত ১৫ মে তা পৌঁছে যায় ৯৫.৮১ টাকায়।