Nisith on Lionel Messi: এবার কি চাপে অরূপ বিশ্বাস? খুলতে চলছে মেসিকাণ্ডের ফাইল

Lionel Messi: নিশীথ প্রামাণিক বলেন, "মেসির ঘটনা প্রত্যেকর জন্যই দুঃখজনক। আমি ফাইল চেয়েছি, ফাইল দেখব। পরবর্তী সময়ে বোর্ড মিটিং হবে। দরকারে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে এর পরবর্তী সিদ্ধান্ত কী হবে জানাব। আগের সরকার প্রতি ক্ষেত্রে ক্ষতি করেছে। এরা যা ক্ষতি করে গেছে তিনবার সরকারে এলে সেই ক্ষতিপূরণ সম্ভব নয়।"

Nisith on Lionel Messi: এবার কি চাপে অরূপ বিশ্বাস? খুলতে চলছে মেসিকাণ্ডের ফাইল
লিওনেল মেসিImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

May 12, 2026 | 5:56 PM

কলকাতা: দিনটা ছিল ১২ ডিসেম্বর ২০২৫। ‘GOAT ইন্ডিয়া ট্যুর’-এর অংশ হিসাবে ভারত সফরে এসেছিলেন লিওনেল মেসি। তিনি এসেছিলেন কলকাতায়। তবে দর্শকদের অভিযোগ, তাঁরা লক্ষ-লক্ষ টাকা দিয়ে টিকিট কেটেছিল তবুও দেখতে পাননি মেসিকে। এই ঘটনায় নাম জড়ায় তৎকালীন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের। তবে, এবার নয়া ক্রীড়া মন্ত্রী নিশিথ প্রামাণিক জানালেন এই ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। খোলা হবে মেসিকাণ্ডের ফাইল। আর যদি এই ফাইল খোলে তাহলে কি চাপে পড়বেন রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী?

সম্প্রতি, একটি সর্বভারতীয় টিভি চ্যানেলে এই অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্ত বলেছিলেন, “এই ইভেন্টটা আসলে স্বরাষ্ট্রমন্ত্রক দ্বারা স্বীকৃত একটি জেড+ (Z+) ক্যাটাগরি ইভেন্ট ছিল। কিন্তু মাঠে উপস্থিত একজন নিজের ব্যক্তিগত শক্তি প্রদর্শন করে পুরো ইভেন্টের ক্ষতি করেছে। তারা রীতিমতো এই ইভেন্টকে হাইজ্যাক করেছে। তারা নিজেরা, নিজেদের পরিবারের লোকজনকে ডেকে ডেকে মেসির সঙ্গে মাঠেই ছবি তুলিয়েছে এবং এরফলে বঞ্চিত হয়েছেন টিকিট কেটে আসা দর্শকরা।” সোশ্যাল মিডিয়ায় তৎকালীন যে ছবি শেয়ার হয়েছিল তাতে মেসির সঙ্গে সর্বত্র দেখা গিয়েছিল অরূপকেই। ফলত, শতদ্রু যে নাম না করে অরূপকেই বুঝিয়েছেন তা বলার অপেক্ষা রাখে না।

নিশীথ প্রামাণিক বলেন, “মেসির ঘটনা প্রত্যেকর জন্যই দুঃখজনক। আমি ফাইল চেয়েছি, ফাইল দেখব। পরবর্তী সময়ে বোর্ড মিটিং হবে। দরকারে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে এর পরবর্তী সিদ্ধান্ত কী হবে জানাব। আগের সরকার প্রতি ক্ষেত্রে ক্ষতি করেছে। এরা যা ক্ষতি করে গেছে তিনবার সরকারে এলে সেই ক্ষতিপূরণ সম্ভব নয়। কিন্তু আমরা চাই প্রগতি। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব। আগামীতে এমন ব্যবস্থা গ্রহণ করব বা এমন কোনও কলকাতায় ম্যাচ হবে যার কারণে মেসিকাণ্ডের দুঃখ ভুলে যাবে।”

তবে নিশীথ শুধু একাই নন, টলিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারীও এই কথা দিয়েছেন। বিজেপি ক্ষমতায় এলে ফের মেসিকে আনা হবে। শুধু তাই নয়, খেলার যাতে উন্নতি ঘটে সেই নিয়েও সওয়াল করেছিলেন তিনি। বলেছিলেন, মেসি আসবে। এখানে থাকবে। তারপর এখানকার ছেলেদের দেড় মাস প্রশিক্ষণ দেবেন। সেরা খেলোয়াড় তৈরি করবেন।

যুবভারতীতে মেসিকে দেখার জন্য প্রচুর ভিড় হয়েছিল। অভিযোগ, কিন্তু দর্শকরা তাঁকে দেখতে পাননি। এর ক্ষোভ গিয়ে পড়ে অরূপ বিশ্বাসের উপর। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেফতার করা হয়।

Follow Us