Aroop Biswas: মেসিকাণ্ডে ফের অরূপ বিশ্বাসকে তলব পুলিশের, আগামী সপ্তাহেই হাজিরার নির্দেশ

Police Summoned Former Minister Aroop Biswas: গতবছর ডিসেম্বর মাসে যুবভারতীতে মেসির ইভেন্টে বিশ্ঙ্খলার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল আয়োজক শতদ্রু দত্ত। প্রশ্ন উঠেছিল তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভূমিকা নিয়েও। পরে শতদ্রু জামিনে মুক্তি পান। পালাবদলের পর অরূপের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন শতদ্রু।

Aroop Biswas: মেসিকাণ্ডে ফের অরূপ বিশ্বাসকে তলব পুলিশের, আগামী সপ্তাহেই হাজিরার নির্দেশ
অরূপ বিশ্বাসImage Credit source: Tv9 Bangla

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Jul 05, 2026 | 2:22 PM

কলকাতা: মেসিকাণ্ডে (Lionel Messi) আরও অস্বস্তিতে অরূপ বিশ্বাস (Aroop Biswas)। প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে ফের তলব পুলিশের। ৭ জুলাই প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে ডেকে পাঠিয়েছে বিধাননগর দক্ষিণ থানা। এর আগে তিনবার হাজিরা এড়িয়েছিলেন অরূপ। পরে আদালতের নির্দেশের ১৮ জুন প্রথম থানায় হাজিরা দেন। এবার ওই মামলায় আরও একবার তলবের নোটিস পাঠানো হল প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে (Police Notice to Aroop Biswas)। মঙ্গলবার সকাল ১১টার মধ্যে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

বারবার হাজিরা এড়িয়েছেন অরূপ

গতবছর ডিসেম্বর মাসে যুবভারতীতে মেসির ইভেন্টে বিশ্ঙ্খলার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল আয়োজক শতদ্রু দত্ত। প্রশ্ন উঠেছিল তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভূমিকা নিয়েও। পরে শতদ্রু জামিনে মুক্তি পান। পালাবদলের পর অরূপের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন শতদ্রু। টিকিট ব্ল্যাক, আর্থিক প্রতারণা, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তোলা হয় অরূপের বিরুদ্ধে। এরপরই অরূপকে তলব করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। একাধিকবার তাঁকে তলবের নোটিস দিলেও হাজিরা এড়িয়ে গিয়েছেন অরূপ।

হাইকোর্টে মামলা

জল গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত। বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন, পুলিশের দ্বারা নির্ধারিত দিনে হাজিরা দিতেই হবে অরূপ বিশ্বাসকে। ৪৮ ঘণ্টা আগে দিতে হবে নোটিস। তদন্ত চলবে তদন্তের মতো করেই। কোনও রকম স্থগিতাদেশ দেওয়া হবে না। এরপরই ১৮ জুন হাজিরা দেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। এরপর পুলিশের তলবে ২২ জুনও হাজিরা দেন তিনি

উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের তরফে মেসিকাণ্ডে অরূপকে রক্ষাকবচ দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ১৭ অগস্ট পর্যন্ত প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করতে পারবে না পুলিশ। এদিকে, থানায় হাজিরা দেওয়ার পর পরই রাজনৈতিক অবস্থান পরিবর্তন করেন অরূপ। থানায় হাজিরা দেওয়ার পর বেরিয়ে বলেছিলেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন। তারপরই দেখা যায় গাড়ি ঘুরিয়ে সোজা চলে যান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে। নতুন কমিটিতে ভাইস প্রেসিডেন্টও করা হয় তাঁকে।

Follow Us